Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর ইসলামী ব্যাংকের ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের মামলায় ৪ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০২:৫৯ পিএম
যশোর ইসলামী ব্যাংকের ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের মামলায় ৪ জনের কারাদণ্ড

ছবি: ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক যশোর শাখা থেকে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা আত্মসাতের মামলায় দুই ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চট্টগ্রামের ডাবলমুরিং থানার আসকারাবাদ মিস্ত্রিপাড়ার হক ভিলা, ১২৮৫ নম্বর বাড়ির জিয়াউল হক ও তার ছেলে এনামুল হক এবং খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ও ইসলামী ব্যাংক যশোর শাখার সাবেক সিনিয়র অফিসার ও বিনিয়োগ কর্মকর্তা (চাকরিচ্যুত) শেখ জামিল আহমেদ এবং যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের মোকসেদ আলীর ছেলে ও সাবেক গুদামরক্ষক (চাকরিচ্যুত) মোয়াজ্জেম হোসেন।

আদালতের রায়ে এনামুল হক ও জিয়াউল হককে আলাদা ভাবে দণ্ডবিধির ৪০৬ ধারায় দুই বছর, ৪২০ ধারায় তিন বছর, ৪৬২(ক) ধারায় দুই বছর এবং ৪৬২(খ) ধারায় দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিটি ধারায় তাদের দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও প্রত্যেক ধারায় তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনকে দণ্ডবিধির ৪২০ ধারায় তিন বছর, ৪০৯ ধারায় ১০ বছর, ৪৬২(ক) ধারায় দুই বছর, ৪৬২(খ) ধারায় দুই বছর এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪২০, ৪৬২(ক) ও ৪৬২(খ) ধারায় প্রত্যেককে দুই হাজার টাকা এবং ৪০৯ ধারায় পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এসব ধারায় পৃথক অতিরিক্ত আরো তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক ।

রায়ে আত্মসাৎ করা ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ অর্থ শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে আদায়যোগ্য বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, ১৯৯১ সালের ৫ ডিসেম্বর এনামুল হক ইসলামী ব্যাংকের যশোর শাখায় ৫০ লাখ টাকা বিনিয়োগ সুবিধার আবেদন করেন। পরবর্তী সময়ে ১৯৯২ সালের ১৯ এপ্রিল তার অনুকূলে এক কোটি টাকার বিনিয়োগ সুবিধা মঞ্জুর হয়। এ ক্ষেত্রে চট্টগ্রামের সম্পত্তি বন্ধক দেখিয়ে যশোরের ঠিকানা ব্যবহার করা হয়। অভিযোগ অনুযায়ী, বন্ধক রাখা সম্পত্তি যথাযথভাবে যাচাই না করেই ঋণসুবিধা দেওয়া হয়। পরবর্তী সময়ে ব্যাংকের গুদামে টায়ার-টিউব মজুত দেখিয়ে নয়টি ডিলের মাধ্যমে মেসার্স কনফিডেন্স টায়ার হাউজের নামে ৯৬ লাখ ৭৫ হাজার ২৫০ টাকা পরিশোধ করা হয়। কিন্তু ব্যাংকের গুদামে নামমাত্র কিছু টায়ার-টিউব রেখে অধিকাংশ পণ্য সরবরাহের নামে অর্থ আত্মসাৎ করা হয়। পরে গুদামে থাকা কিছু পণ্য নিলামে বিক্রি করে তিনটি বিনিয়োগ হিসাব সমন্বয় করা হলেও বাকি ছয়টি হিসাবে ৭৬ লাখ ৭৫ হাজার ২৫০ টাকা অনাদায়ী থেকে যায়। সুদ, কমিশন ও অন্যান্য হিসাবসহ ১৯৯৫ সালের ২৬ এপ্রিল পর্যন্ত আত্মসাৎকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা।

এ ঘটনায় তৎকালীন জেলা দুর্নীতি দমন কর্মকর্তা এম এ সোবহান বাদী হয়ে ২০০০ সালের ২১ মে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। পরবর্তী সময়ে দুদকের তদন্ত শেষে ২০১৩ সালের ২৮ জানুয়ারি চার আসামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন দুদকের তদন্তকারী কর্মকর্তা উপসহকারী পরিচালক আবদুল ওয়াদুদ। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় উল্লেখিত সাজা প্রদান করেন বিচারক। রায়ে সাজা একই সাথে চলবে বলে করা হয়েছে। সাজাপ্রাপ্ত সকলেই পলাতক রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)