নিজস্ব প্রতিবেদক
গ্রেপ্তার দুই মাদক কারবারি ছবি: ধ্রুব নিউজ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে যশোরের শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৯৬ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প।

১০ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) বিকেলে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামের জনৈক চতুর আলীর খড়ের গাদার ভেতর তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৫৯৬ বোতল অবৈধ উইনকেরেক্স উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো—মো. জাকির হোসেন (৩২), পিতা: মো. আব্দুল বারী ও মো. মহিনুর ইসলাম (৩৩), পিতা: মো. শহিদ আলী।
উভয়ের বাড়ি শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে যথাযথ নিয়মে জব্দ করা হয়। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে উদ্ধারকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে এসআরবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।