নিজস্ব প্রতিবেদক
বনফুল যশোর চৌরাস্তা শাখায় অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। ছবি: ধ্রুব নিউজ
বনফুল যশোর চৌরাস্তা শাখার স্টোরে খোলা ফেলে রাখা মিষ্টির ওপর হাজার হাজার তেলাপোকা ঘুরছে—এমনটি জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
আজ দুপুরে শহরের চৌরাস্তা সংলগ্ন এলাকায় তদারকিমূলক অভিযান শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মইনুল ইসলামের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের ওই কর্মকর্তা।
সাংবাদিকদের ব্রিফিংকালে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, অভিযানে গিয়ে দেখা যায় বনফুল মিষ্টান্ন ভাণ্ডারের চৌরাস্তা শাখায় ডিসপ্লেতে থাকা পণ্যের গায়ে কোনো মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। এরপর দোকানের ভেতরের স্টোররুমে প্রবেশ করে চরম অস্বাস্থ্যকর ও উদ্বেগের চিত্র দেখতে পান তাঁরা। সেখানে খোলা অবস্থায় ফেলে রাখা বিপুল পরিমাণ মিষ্টির ওপর হাজার হাজার তেলাপোকা ঘুরে বেড়াচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
জনস্বাস্থ্যবিরোধী এই মারাত্মক অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জরিমানা পরিশোধ করেন এবং নিজেদের ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
অভিযান শেষে তিনি আরও জানান, বনফুল মিষ্টান্ন ভাণ্ডারের অন্যান্য শাখাগুলোতেও কঠোর নজরদারি রাখা হবে এবং ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রাখলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।