Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সূরা ফাতেহা: তাসকিয়াতুন নফসের দীক্ষা

মাওলানা মুস্তাফিজুর রহমান মাওলানা মুস্তাফিজুর রহমান
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৬:২৬ এ এম
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৮:৫৫ এ এম
সূরা ফাতেহা: তাসকিয়াতুন নফসের দীক্ষা

নামকরণ

এই সূরার মূল বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখেই এর নামকরণ করা হয়েছে। যার সাহায্যে কোনো বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয়; তাকে ‘আল ফাতিহা’ বলা হয়। অন্য কথায় বলা যায়–শব্দটি ভূমিকা এবং বক্তব্য শুরু করার অর্থ প্রকাশ করে। কুরআনের বিন্যাস অনুযায়ী এটি সর্বপ্রথম সূরা। শুরুতে এই সূরা নিয়ে আসার রহস্য হচ্ছে–এতে অল্প কথায় পুরো কুরআনের নির্যাস বা সারকথা তুলে ধরা হয়েছে। এই সূরার আরও অনেকগুলো নাম রয়েছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে–

১. ফাতিহাতুল কিতাব বা কুরআনের চাবিকাঠি। কেননা, কুরআন মাজিদ শুরু হয়েছে এই সূরা দিয়ে।

২. উম্মুল কুরআন বা কুরআনের মূল। কেননা গোটা কুরআনের মূল বক্তব্য এতে অল্প কথায় জায়গা পেয়েছে। 

৩. আস-সাব’উল মাসানি বা বারবার পাঠ করার সাতটি আয়াত। সূরা ফাতিহায় সাতটি আয়াত রয়েছে এবং এগুলো বারবার পাঠ করা হয়। সালাতের প্রতি রাকাতেই এই আয়াতগুলো পড়া বাধ্যতামূলক। 

নাজিলের সময়কাল

সূরাটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়ত লাভের একেবারে প্রথম যুগে নাজিল হয়। সর্বপ্রথম ওহির মাধ্যমে নবিজির প্রতি যে আয়াত বা সূরার অংশ নাজিল হয়, তা হচ্ছে সূরা ‘আল আলাক’ এর প্রথম কয়েকটি আয়াত। [সহিহ বুখারি : ৩] সূরা আল মুদ্দাসসিরের প্রথম আয়াতগুলো এর কিছুদিন পরে নাজিল হয়। [সহিহ বুখারি : ৪৯২২, ৪৯২৪] সূরা আল মুজ্জাম্মিলের কিছু অংশ কাছাকাছি সময়ে নাজিল হয়। কিন্তু নাজিলকৃত খ- খ- আয়াতসমূহের কোনোটিই পূর্ণাঙ্গ সূরা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরা আল ফাতিহা।

ফজিলত

কুরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা : প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবিকে বললেন,

‘আমি তোমাকে কুরআনের সবচেয়ে মহিমান্বিত একটি সূরা শেখাব। সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা।’ [সহিহ বুখারি : ৪৪৭৪]

রোগের চিকিৎসা : হাদিসে এসেছে,

‘সূরাতুল ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা।’ [ইবনে কাসির : তাফসির–১/১৪৬]

উজ্জ্বল আলো : একবার জিবরাইল আলাইহিস সালাম নবিজির সঙ্গে বসেছিলেন। এমন সময় ওপর থেকে একটি আওয়াজ শুনতে পেয়ে মাথা উঁচু করলেন তিনি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ‘এটি আসমানের দরজা। দরজাটি এর আগে কখনো খোলা হয়নি।’ এরপর দরজা দিয়ে নেমে এসে তিনি নবিজিকে সালাম দিয়ে বললেন, ‘হে আল্লাহর নবি! দুটো আলোর সুসংবাদ গ্রহণ করুন, যে আলো দুটো শুধু আপনাকেই দেওয়া হয়েছে। আপনার আগের কোনো কবিকে দেওয়া হয়নি। একটি হলো সূরা ফাতিহা, আর অন্যটি সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত। ওখান থেকে একটি আয়াত পাঠ করলেও আপনাকে প্রতিদান দেওয়া হবে।’ [সহিহ মুসলিম : ৮০৬]

বিষয়বস্তু

সূরা ফাতিহার বিষয়বস্তু হলো দোয়া বা আল্লাহ কাছে চাওয়া। মহাগ্রন্থ আল কুরআন থেকে উপকার বা হিদায়াত পেতে হলে উক্ত নিয়মেই আল্লাহর কাছে দোয়া করতে হবে। আবার আল্লাহর কাছে চাওয়ার আদব শেখানো হয়েছে। বান্দা যখন আল্লাহর কাছে চাইবে, প্রথমে তাঁর দয়ালু রব ও মালিকের প্রশংসা করবে। তাঁর সুন্দর নাম ধরে ডেকে ডেকে চাইবে তার কাছে। তাকে ডাকবে ভয় ও আশা নিয়ে। দোয়াতে শুধু ভালো বিষয়গুলোই চাইবে না, বরং মন্দ বা অকল্যাণকর জিনিস থেকে মুক্তি পাবার জন্যও দোয়া করবে। আবার আল্লাহর কাছে কি চাইতে হবে, তা-ও বলে দেওয়া হয়েছে। বান্দা আল্লাহর কাছে যে সরল পথের সন্ধান চেয়েছে, আল কুরআনের পুরো বর্ণনায় সেই পথেরই সন্ধান দেওয়া হয়েছে মূলত। অন্যদিকে সূরাটিতে রয়েছে আত্মশুদ্ধির পথনির্দেশনা।

১নং আয়াতের ব্যাখ্যা

‘পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।’

আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করার শিক্ষা তিনি নিজেই দিয়েছেন। একটি হাসান হাদিসে বলা হয়েছে,

‘আল্লাহর নামে শুরু না হওয়া প্রতিটি ভালো কাজই বিচ্ছিন্ন বা নিঃস্ব হয়।’ অর্থাৎ, বরকতশূন্য হয়। [ইবনে উসাইমিন, তাফসির সূরা সোয়াদ : ১০]

আল্লাহ তায়ালার নামে কাজ শুরু করার নির্দেশনা দেওয়ার মাধ্যমে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির একটি মৌলিক শিক্ষা তুলে ধরা হয়েছে। আল্লাহ তায়ালা ওহির যাত্রা শুরু করেছেন اقرأ باسم ربك তথা ‘তোমার রবের নামে পড়ো’ দিয়ে। মুমিন বান্দা তার সমস্ত কাজ তার রবের নামে শুরু করবে, এটিই স্বাভাবিক রীতি। সচেতনতা ও আন্তরিকতার সাথে এ রীতি মেনে নিলে মন্দ কাজ থেকে বাঁচা যাবে, বৈধ কাজগুলো নির্ভুল হবে, আবার আল্লাহ তায়ালার পক্ষ থেকে বারাকা ও সাহায্য পাওয়া যাবে। মানুষের জীবনের সবচেয়ে বড় কাজ শুধু বাহ্যিক জীবনকে সুন্দর করা নয়; বরং অন্তরকে পরিশুদ্ধ করা। কারণ মানুষের কথা, কাজ, চরিত্র ও আমল-সবকিছুর মূল কেন্দ্র হলো তার অন্তর।

২নং আয়াতের ব্যাখ্যা

‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক।’

‘আলহামদু’ এমন একটি শব্দ, যার মাধ্যমে সৃষ্টি বা নফসের পূজার মূলে কুঠারাঘাত করা হয়। সমস্ত প্রশংসা পাওয়ার মূল হকদার সব গুণের আধার, সব কল্যাণের উৎস আল্লাহ তায়ালা। মাখলুকের সৌন্দর্য তাঁর থেকেই আসে। এটি নিজেকে কেন্দ্র থেকে সরিয়ে আল্লাহকে কেন্দ্র বানানোর শিক্ষা দেয়। মানুষের নফস বলে, ‘কাজটি আমি করেছি আমার যোগ্যতায়, সম্পদ অর্জন করেছি নিজ প্রচেষ্টায়।’ কিন্তু সূরা ফাতিহা শেখায়–‘সব প্রশংসা আল্লাহর। আমার জ্ঞান আল্লাহর দান, আমার শক্তি আল্লাহর দান, আমার সম্পদ আল্লাহর দান, আমার জীবন আল্লাহর দান।’ যে ব্যক্তি সত্যিকারার্থে আলহামদুলিল্লাহ বলতে শেখে, তার অন্তর থেকে অহংকার ধীরে ধীরে দূর হতে থাকে।

৩নং আয়াতের ব্যাখ্যা

‘তিনি অসীম দয়ালু, পরম করুণাময়।’

আল্লাহ তায়ালার দুটি মহাগুণ। মানুষ যখন নিজের গুনাহের দিকে তাকায়, তখন হতাশ হতে পারে। আবার যখন নিজের আমলের দিকে তাকায়, তখন অহংকারী হতে পারে। কিন্তু الرَّحْمَٰنِ الرَّحِيمِ আমাদের ভারসাম্য শেখায়। আমি গুনাহগার কিন্তু আল্লাহ দয়ালু। আমি দুর্বল কিন্তু আল্লাহ সাহায্যকারী। আমি ভুল করি কিন্তু আল্লাহ তাওবার দরজা খোলা রেখেছেন। তাই আত্মশুদ্ধির জন্য দুটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ; আল্লাহর ভয় এবং আল্লাহর রহমতের আশা। বলা হয়েছে–ভয় ও আশার মধ্যেই ঈমান। শুধু ভয় মানুষকে ভেঙে দিতে পারে, আর শুধু আশার ওপর নির্ভর করলে মানুষ গুনাহকে হালকা মনে করতে পারে। মুমিনের অন্তরে দুটিই থাকবে।

৪নং আয়াতের ব্যাখ্যা

‘তিনি বিচার দিনের মালিক।’

মানুষ যদি অন্তর থেকে বিশ্বাস করে–একদিন তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে সে গোপনেও তাঁকে ভয় করবে। মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন। মানুষ হিসাব না নিলেও আল্লাহ হিসাব নেবেন। মানুষ বাহ্যিক চেহারা দেখে, আল্লাহ অন্তর ও আমল দেখেন। তাই আত্মশুদ্ধি শুধু মানুষের সামনে ভালো হওয়া নয়, আত্মশুদ্ধি হলো একাকিত্বেও আল্লাহকে ভয় করা।

৫নং আয়াতের ব্যাখ্যা

‘আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমার কাছেই সাহায্য চাই।’

এখানে দুটি বিষয় আছে–শুধু তোমারই ইবাদত করি। শুধু তোমার কাছেই সাহায্য চাই। এটাই তাওহিদের শিক্ষা। আমার উপাসনা, আনুগত্য ও বন্দেগি একমাত্র তোমারই জন্য নিবেদিত। মানুষের সন্তুষ্টি-অসন্তুষ্টির কোনো পরোয়া করি না। নফস এই মনোভাব তৈরি করতে পারে, ‘আমি নামাজ পড়ছি-মানুষ দেখছে কি না? আমি দান করছি-মানুষ জানছে কি না? আমি ভালো কথা বলছি-মানুষ প্রশংসা করছে কি না?’ হে আল্লাহ! আমরা শুধু তোমারই ইবাদত করি। অর্থাৎ আমার ইবাদতের উদ্দেশ্য মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি। নিজের ওপর নয়, আল্লাহর ওপর নির্ভরতা। আমরা অনেক সময় নিজের শক্তির ওপর নির্ভর করে করতে চাই। কিন্তু মানুষ দুর্বল। তাই আল্লাহ আমাদের শেখাচ্ছেন, ‘আমরা শুধু তোমার কাছেই সাহায্য চাই।’ অর্থাৎ আত্মশুদ্ধির জন্য আল্লাহর সাহায্য অপরিহার্য। তাই নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করার সময় দোয়া করতে হবে–‘হে আল্লাহ! আমার অন্তরকে পরিশুদ্ধ করো, আমার অহংকার দূর করো, আমাকে রিয়া থেকে বাঁচাও। হে আল্লাহ! আমার নফসকে তোমার অনুগত বানিয়ে দাও।’

৬নং আয়াতের ব্যাখ্যা

‘আমাদের সরল পথ দেখাও।’

আমরা প্রতিদিন এই দোয়া করি। এর অর্থ হলো–একজন মুমিন কখনো নিজেকে এমন মনে করবে না যে, ‘আমি তো হিদায়াত পেয়ে গেছি, আমার আর কিছু দরকার নেই।’ বরং সে প্রতিদিন আল্লাহর কাছে হিদায়াত চায়। কারণ মানুষের অন্তর পরিবর্তনশীল। আজ ভালো, কাল দুর্বল হতে পারে। আজ ইবাদতে মন আছে, কাল গাফেল হয়ে যেতে পারে। তাই প্রতিদিনের দোয়া, ‘আমাদের হিদায়াত দাও। সঠিক পথে অবিচল রাখ। পবিত্র কুরআনের মাধ্যমে এ হিদায়াত দেওয়া হয়েছে। আবার সঠিক পথ শুধু দ্বীনের ক্ষেত্রেই নয়; বরং জীবনের প্রতিটি পদক্ষেপ নির্ভুলভাবে নেওয়ার তাওফিক দাও।’

৭নং আয়াতের ব্যাখ্যা

‘তাঁদের পথ, যাদের তুমি অনুগ্রহ করেছ।যাদের ওপর গজব পড়েনি ও পথভ্রষ্ট হয়নি।’

আল্লাহর কাছে আমরা যে সোজা পথটির জ্ঞান লাভ করতে চাচ্ছি, এটিই তার পরিচয়। অর্থাৎ এমন পথ, যে পথে তোমার প্রিয়জনেরা তথা নবী, সিদ্দিক বা সত্যবাদীগণ, শহীদ ও সৎকর্মশীলগণ চলে গেছেন। আবার অনুগ্রহ লাভকারী হিসেবে আমরা এমন ব্যক্তিদের মতো হতে চাইনি, যারা সাময়িকভাবে তোমার পার্থিব অনুগ্রহ লাভ করে ঠিকই কিন্তু তারা হয় তোমার গজব ও শাস্তির অধিকারী। এভাবে তারা নিজেদের সাফল্য ও সৌভাগ্যের পথ হারিয়ে ফেলে। অতীতে নমরুদ, ফেরাউন, কারুনরাও পার্থিব সুযোগ-সুবিধা পেয়েছিল; বর্তমানেও অনেক বড় জালিম, পাপাচারী, দুষ্কৃতকারীরা এমনটি পেয়ে থাকে। অনেকের মতে, এখানে ‘মাগদুব’ বলতে ইহুদি ও ‘দ্বল্লীন’ বলতে নাসারাদের বোঝানো হয়েছে। কিন্তু শুধু তারাই এখানে নির্দিষ্ট নয়; বরং তাদের পদাঙ্ক অনুসরণ করে যারা স্বেচ্ছাচারী হয়ে জীবন পরিচালনা করবে, তারাই এ আয়াতের অন্তর্ভুক্ত হবে।

শিক্ষা

১. মুমিন বান্দার সমস্ত কাজ আল্লাহ তায়ালার নামেই হওয়া চাই; যা তার চিন্তা ও মনোবৃত্তিকে সঠিক দিকে প্রবাহিত করবে, কাজের ফলও হবে কাক্সিক্ষত।

২. সর্বাবস্থায় আল্লাহ তায়ালার শুকরিয়ার ওপর থাকা জীবনের নিয়মিত কাজ ও অভ্যাস পরিণত করা।

৩. আল্লাহর রহমত পাওয়ার যোগ্য হওয়ার চেষ্টা করতে হবে আমাদের। জীবনের যেকোনো পরিস্থিতিতে আল্লাহর রহমতের প্রত্যাশা করতে হবে। 

৪. জীবনের সকল কাজের কেন্দ্রবিন্দু হবে আখিরাত। আখিরাতে জবাবদিহিতার ভয় নিয়ে জীবন গঠন করতে হবে। 

৫. ইবাদত হবে কেবলমাত্র আল্লাহ তায়ালার জন্য। এক্ষেত্রে রিয়া বা লোকদেখানো মনোভাব কোনোভাবেই মুমিন হৃদয়ে স্থান পেতে পারে না। 

৬. সাহায্য কেবল আল্লাহর কাছেই চাইতে হবে। নিজের যোগ্যতা ও সামর্থ্য, উপায়-উপকরণের চেয়ে আল্লাহর সাহায্যের ওপরই নির্ভরশীল হতে হবে সব সময়।

৭. শয়তান যেকোনো সময়ে পদস্খলন ঘটাতে পারে, সেজন্য হিদায়াতের ওপর, সত্যের পথে টিকে থাকতে সার্বক্ষণিক আল্লাহর সাহায্য চাওয়া। 

৮. অভিশপ্ত ও পথভ্রষ্টদের পথে পরিচালিত না হওয়ার জন্য আল্লাহ তায়ালার সাহায্য চাইতে হবে।

সূরা ফাতিহাকে শুধু নামাজের একটি সূরা নয়; বরং জীবন পরিবর্তনের একটি ম্যানুয়াল। আল্লাহ আমাদের অন্তরকে শিরক, কুফর, নিফাক, রিয়া, অহংকার, হিংসা, বিদ্বেষ ও গুনাহ থেকে পবিত্র করুন। আমাদের ইবাদতে ইখলাস দান করুন, আমাদের নফসকে পরিশুদ্ধ করুন এবং আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের ওপর অটল রাখুন।

‘হে আল্লাহ! আমাদের নফসকে তাকওয়া দান করো এবং তাকে পরিশুদ্ধ করো। তুমিই সর্বোত্তম পরিশুদ্ধকারী, তুমিই তার অভিভাবক ও মালিক।’

লেখক : খতিব, বায়তুস সালাহ জামে মসজিদ, আফতাবনগর, ঢাকা

সূত্র : ইন্টারনেট

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)