আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
বিরোধী দলগুলোর বিরোধিতায় সরকারি পদক্ষেপ সংসদীয় বিচারে খারিজ হয়ে যাওয়ার পর স্পেনে তীব্রতর হতে থাকা আবাসন সংকট মোকাবেলায় কার্যকর ব্যবস্থার দাবিতে মাদ্রিদসহ বিভিন্ন শহরের রাজপথে নেমে এসেছেন হাজার হাজার মানুষ।
মাদ্রিদে ৮৭ বছর বয়সী এক বৃদ্ধাকে উচ্ছেদ এবং অন্যান্য আবাসন কেন্দ্রিক ইস্যু নিয়ে তৈরি হওয়া গণঅসন্তোষ প্রশমনে সরকারের গৃহীত পদক্ষেপগুলো শুক্রবার সংসদে প্রত্যাখ্যাত হয়। এর জেরে শনিবার বিক্ষোভকারীরা একটি সর্বাত্মক ধর্মঘটের দাবি জানিয়ে ব্যানার-পোস্টার নিয়ে বিক্ষোভ প্রর্দশন করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাজপথে প্রায় ৭০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তবে আয়োজকদের দাবি, এই সংখ্যা প্রায় ৫ লাখ।
মাদ্রিদে বিক্ষোভে যোগ দেয়া ২৬ বছর বয়সী নান্দো দে আঙ্গুলো বলেন, 'এটি অত্যন্ত লজ্জার। এ ধেকে কেবল এটাই প্রমাণ হয় যে জনগণকেই রাজনৈতিক দলগুলোর সাথে মানিয়ে নিতে হচ্ছে, অথচ রাজনীতিকরা জনগণের চাওয়া অনুযায়ী চলছেন না। কিন্তু এমনটা আর চলতে দেওয়া যায় না।'
শুক্রবার স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সংসদে বিলটি পাস হতে ব্যর্থ হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগামী নভেম্বরের মধ্যে একটি আগাম নির্বাচনের ঘোষণা দিতে পারেন। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি শনিবারের বিক্ষোভের মাত্রা ও তীব্রতা পর্যবেক্ষণ করবেন।
এই বিক্ষোভগুলো এখন পুরো স্পেনের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা পেদ্রো সানচেজের কোনোরকমে টিকে থাকা সরকারকে নতুন রসদ জোগাচ্ছে এবং সেউতায় ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব থেকে মানুষের মনোযোগ সরিয়ে নিচ্ছে।
শনিবার স্পেনের ৫০টি শহরে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ভ্যালেন্সিয়ায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়েছে।
শহরের বিখ্যাত সাংস্কৃতিক ভবন 'সিটি অব আর্টস অ্যান্ড সাইন্সেস'-এর ভেতরে প্রায় ৩০ জন বিক্ষোভকারী ঢুকে পড়তে সক্ষম হলেও পরে পুলিশ তাদের বের করে দেয়।
মাদ্রিদের ২৬ বছর বয়সী এক গ্রন্থাগারিক মার্কোস সাঁইজ এএফপি-কে জানান, তিনি আগে বন্ধুদের সাথে ৯০০ ইউরো (প্রায় ১,০০০ ডলার) ভাড়ায় দুই বেডরুমের একটি ফ্ল্যাটে থাকতেন। কিন্তু এখন এক বেডরুমের একটি ফ্ল্যাটের ভাড়াই পড়ে ১,০০০ ইউরো—যা এই রাজধানীর গড় মাসিক বেতনের প্রায় অর্ধেক।
তিনি বলেন, 'যতক্ষণ না কেউ এই লাগামহীন বাসা ভাড়া নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে, তত দিন আমি বিক্ষোভ চালিয়ে যাব। তা না হলে আমাদের সবাইকে মাদ্রিদ ছেড়ে চলে যেতে হবে, আর আমি মাদ্রিদের স্থানীয় ছেলে হয়ে সেটা হবে চরম আফসোসের বিষয়।'
৩১ বছর বয়সী জাভিয়ের বলেন, 'আমরা একটি মৌলিক অধিকারের জন্য দাবি জানাচ্ছি—তা হলো সম্মানজনক বাসস্থান, স্থায়িত্ব এবং এমন পরিবেশ যাতে আমরা একটি সুন্দর জীবনের পরিকল্পনা করতে পারি।' তিনি আরও বলেন, 'একটি ছোট্ট ঘরের পেছনেই আমার বেতনের অর্ধেক চলে যায়।'
আন্দোলনকারী 'টেন্যান্টস ইউনিয়ন'-এর অন্যতম মুখপাত্র ভ্যালেরিয়া রাকু এক বিবৃতিতে বলেন, 'রাস্তায় আমরা এখন নতুন এক জোয়ার অনুভব করছি, যা অনেক দিন দেখা যায়নি। এই শক্তির জোয়ার প্রমাণ করছে যে টানা আট দিনের 'জনগণের শক্তি' যা অর্জন করতে পারে, আট বছরের প্রগতিশীল সরকারও তা করতে পারেনি।'
তিনি আরও বলেন, 'এখন আসল রাজনীতির সূচনা হলো—যে রাজনীতি চিরকাল জনগণেরই ছিল এবং যা চিরতরে আবার রাজপথেই ফিরে আসবে।'