আন্তর্জাতিক ডেস্ক
প্রতীকী ছবি ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গে বেআইনি ও অনুমোদনহীন খারিজি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। প্রথম দফায় রাজ্যের ২৫২টি অনুমোদনহীন ও অনুদানবিহীন মাদ্রাসা পুরোপুরি বন্ধের নোটিশ জারি করা হয়েছে। একই সাথে অনিয়মের অভিযোগে কারণ দর্শানোর (শো-কজ) মুখে পড়েছে আরও অন্তত ১০০টি মাদ্রাসা। কারণ দর্শানোর নোটিশ পাওয়া প্রতিষ্ঠানগুলো যদি উত্থাপিত অভিযোগ ও অনিয়মের উপযুক্ত ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়, তবে সেগুলোও চূড়ান্তভাবে বন্ধ করে দেওয়া হবে।
রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী ক্ষুদিরাম টুডু জানান, প্রশাসনিক তদারকিতে কলকাতা সহ মোট ২২টি জেলায় একটি বিশেষ টিমের মাধ্যমে এই সমীক্ষা চালানো হয়। তদন্তকারী দলটি এসব প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, তহবিল ও সার্বিক অবকাঠামোর তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছে। তদন্তে নানা অসঙ্গতি ও অনিয়ম মেলায় প্রথম ধাপে ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বন্ধের নোটিশ পাওয়া মাদ্রাসাগুলোর মধ্যে সর্বাধিক মালদহ জেলায় ৪৪টি, উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি এবং নদীয়া ও মুর্শিদাবাদে ২৫টি করে প্রতিষ্ঠান রয়েছে।
ক্ষমতায় আসার পর পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যের খারিজি মাদ্রাসাগুলোতে সমীক্ষার সিদ্ধান্ত নেয়। সরকারি কোনো নিয়ন্ত্রণ, তহবিল বা অনুমোদন ছাড়া পরিচালিত এসব বেসরকারি প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে দুই হাজারের বেশি রয়েছে। এর বাইরে রাজ্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে শত শত অনুমোদিত ও অনুদানপ্রাপ্ত মাদ্রাসা যথারীতি চালু রয়েছে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে 'এক রাজ্য, এক শিক্ষা' নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। এর অংশ হিসেবে মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আলিয়া বিশ্ববিদ্যালয়কে ইতোমধ্যে উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্থানান্তরিত করা হয়েছে।
정সরকারি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি মন্তব্য করেন, "একটি ধর্মনিরপেক্ষ দেশে শিক্ষার সুযোগ ও মান সবার জন্য সমান হওয়া উচিত। একই রাজ্যে দুই ধরণের শিক্ষাব্যবস্থা চলতে পারে না।" সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একটি পুরোনো মন্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি অভিযোগ করেন, একসময় বামফ্রন্টের চাপের মুখে পড়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে মাদ্রাসা সংক্রান্ত নিজস্ব অবস্থান থেকে সরে আসতে হয়েছিল।
অন্যদিকে, রাজ্য সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। দলটির বিধায়ক কুণাল ঘোষ বলেন, "মাদ্রাসার শিক্ষাব্যবস্থাকে এভাবে লক্ষ্যবস্তু বানানো এবং চরমপন্থার তকমা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতে 'সংস্কৃত টোল'-এর মতো প্রাতিষ্ঠানিক ঐতিহ্য যেমন রয়েছে, মাদ্রাসা শিক্ষারও নিজস্ব গুরুত্ব রয়েছে।"
উল্লেখ্য, ১৭৮০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে প্রতিষ্ঠিত ক্যালকাটা মাদ্রাসার মাধ্যমে এই অঞ্চলে যে যাত্রা শুরু হয়েছিল, তার ওপর ভিত্তি করেই পশ্চিমবঙ্গে প্রায় ২৫০ বছরের পুরোনো মাদ্রাসা শিক্ষার ইতিহাস গড়ে উঠেছে।