আন্তর্জাতিক ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চ্যাটজিপিটির তৈরি পুরোপুরি ভুয়া ও কাল্পনিক তথ্য যাচাই ছাড়া আদালতে জমা দিয়ে আদালতের শাস্তির মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের এক আইনজীবী। নিউ মেক্সিকোর বাসিন্দা স্টিফেন অ্যারনস নামের ওই আইনজীবী মামলার নথিপত্র যথাযথভাবে পরীক্ষা না করেই বিচারকের সামনে দাখিল করেন। এতে চরম অসন্তোষ প্রকাশ করে নিউ মেক্সিকোর সর্বোচ্চ আদালত তাকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আদালতের প্রশাসনিক নিয়মনীতি লঙ্ঘন ও পেশাগত দায়িত্বে চরম গাফিলতির কারণে ওই প্যানেল আইনজীবী অ্যারনসকে ৫ হাজার মার্কিন ডলার জরিমানা করেছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা ও অধিকতর তদন্তের জন্য আইনজীবীদের শৃঙ্খলাবিষয়ক বোর্ডে পাঠাল পাঠিয়েছেন বিচারকেরা।
আদালত সূত্র জানায়, অ্যারনসের জমা দেওয়া আপিল নথিতে এমন একাধিক কাল্পনিক সাক্ষীর বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল, বাস্তবে যাদের কোনো অস্তিত্বই নেই। একই সঙ্গে পুলিশের জবানবন্দি হিসেবেও চ্যাটজিপিটির বানিয়ে দেওয়া মিথ্যা ও অসংলগ্ন তথ্য উপস্থাপন করা হয়। শুনানিকালে বিচারকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজের এত বড় ভুলের বিষয়েও অ্যারনসের মধ্যে যথোপযুক্ত অনুশোচনা দেখা যায়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নিজের ভুলের ব্যাখ্যা দিতে গিয়ে আইনজীবী অ্যারনস জানান, গত বছর তিনি অস্কার রেনে স্যান্ডোভাল নামের এক আসামির আপিল মামলার দায়িত্ব নেন। বিচারিক কার্যক্রমের দীর্ঘ তথ্য সংক্ষেপ বা সামারি করার জন্য তিনি চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা যে এভাবে আস্ত কাল্পনিক তথ্য ও ভুয়া সাক্ষী তৈরি করে দিতে পারে, সে সম্পর্কে তার পূর্ব ধারণা ছিল না।
নিজের ভুল স্বীকার করে অ্যারনস বলেন, "এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি আন্তরিকভাবে অনুতপ্ত। আশা করছি কর্তৃপক্ষ বিষয়টি একটি অনিচ্ছাকৃত ত্রুটি হিসেবে বিবেচনা করবে। এআইয়ের ওপর অন্ধভাবে নির্ভর করা যে কতটা ঝুঁকিপূর্ণ, পেশাজীবীদের জন্য এই ঘটনা একটি বড় সতর্কবার্তা।"
মামলা সূত্রে জানা যায়, অস্কার রেনে স্যান্ডোভাল তার সন্তানদের মাকে হত্যার দায়ে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। ওই সাজা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে স্যান্ডোভালের পক্ষে লড়াই করছিলেন অ্যারনস। স্যান্ডোভালের এই আপিল আবেদনটির চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় গত ২ সেপ্টেম্বর মামলাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সরকারি আইনজীবী কিম শ্যাভেজ কুককে। তবে এ সংবেদনশীল বিষয়ে তিনি কিংবা দোনা আনা কাউন্টির প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে গত মাসেই নিউ মেক্সিকোর সর্বোচ্চ আদালত অ্যারনসকে কারণ দর্শানোর নির্দেশ দিয়ে জানতে চেয়েছিলেন, মূল আপিল নথিতে কাল্পনিক তথ্য ও বিভ্রান্তিকর বিবরণ কীভাবে যুক্ত হলো। সম্প্রতি শুনানিকালে বিচারপতি শ্যানন বেকন তীব্র অসন্তোষ প্রকাশ করে অ্যারনসকে উদ্দেশ্যে করে বলেন, "আইনজীবী সাহেব, আপনি কি প্রতিদিনের খবরাখবর রাখেন না বা পেপার-পত্রিকা পড়েন না? পেশাগত কাজে এআইয়ের ব্যবহার এবং এর ভুল তথ্যের মারপ্যাঁচ এখন বিশ্বজুড়ে নিত্যদিনের আলোচিত বিষয়।"
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে আইনি নথিতে এআইয়ের ভুয়া তথ্য ও ভুল আইনি অনুচ্ছেদ ব্যবহারের কারণে অনেক আইনজীবীই সতর্কবার্তা বা শাস্তির মুখে পড়েছেন। তবে অ্যারনসের ঘটনাটি তুলনামূলকভাবে বেশি গুরুতর, কারণ তিনি সরাসরি এক ফৌজদারি আপিল মামলায় বাস্তবে অস্তিত্ব নেই এমন কাল্পনিক সাক্ষী ও পুলিশের জবানবন্দি আদালতের নথিতে যুক্ত করেছিলেন।