আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
পরিত্যক্ত গবাদিপশুর সমস্যা দূর করা এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের বুলান্দশহর জেলায় পরীক্ষামূলকভাবে (পাইলট প্রজেক্ট) সরাসরি কৃষকদের কাছ থেকে গোমূত্র কেনা শুরু করেছে স্থানীয় প্রশাসন। প্রাথমিক ধাপে প্রতি লিটার গোমূত্র ১০ রুপিতে কেনা হচ্ছে। এই উদ্যোগ সফল হলে পরবর্তীতে রাজ্যজুড়ে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যেখানে লিটারপ্রতি দাম বাড়িয়ে ২০ রুপি করা হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সরকারের মূল উদ্দেশ্য হলো, যেসব গরু দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, সেগুলোকে যেন মালিকরা রাস্তায় ফেলে না দেন। উপযুক্ত খাদ্যের অভাবে এসব গবাদিপশু প্রায়ই তীব্র কষ্টে ভোগে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের ধারণা, দুধ দেওয়া বন্ধ হওয়ার পরও যদি গোমূত্র বিক্রি করে আয়ের সুযোগ থাকে, তবে সাধারণ খামারি ও কৃষকেরা এই গবাদিপশুগুলোকে নিজেদের কাছেই সযত্নে রেখে দেবেন। পাশাপাশি এই প্রক্রিয়ার মাধ্যমে গ্রামীণ নারীদের জন্য নতুন একটি বাড়তি আয়ের পথ তৈরি করার পরিকল্পনাও রয়েছে।
বর্তমানে বুলান্দশহরের ১৫টি গ্রামে এই প্রকল্প চালু রয়েছে এবং সেখান থেকে দিনে প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। সংগ্রহের সুবিধার্থে গ্রামগুলোর সুবিধাজনক স্থানে ২০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন বিশেষ ট্যাংক বসানো হয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা জানান, সংগৃহীত গোমূত্র মূলত জৈব কৃষিকাজে ব্যবহার করা হবে, যা ভবিষ্যতে রাসায়নিক সার ও কীটনাশকের ওপর নির্ভরতা কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
তবে যোগী সরকারের এই উদ্যোগকে কেন্দ্র করে রাজনীতিও উত্তপ্ত হয়ে উঠেছে। প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি এই প্রজেক্টের তীব্র সমালোচনা করে দাবি করেছে, সরকারি অর্থের অপচয় ও লোপাটের উদ্দেশ্যে এটি শুরু করা হয়েছে, যা সাধারণ মানুষের কোনো প্রকৃত কল্যাণে আসবে না।
তথ্যসূত্র: এবিপি