আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা ছড়িয়ে দিয়ে বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে একযোগে জোড়া ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। শুক্রবার (২৪ জুলাই) সকালে ইরানি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে মার্কিন সামরিক শক্তির কেন্দ্রবিন্দুতে এই বিধ্বংসী আক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়। ইরানি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, তাদের ড্রোনগুলোর প্রথম লক্ষ্যবস্তু ছিল বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি; যেখানে নিখুঁত নিশানায় মার্কিন বাহিনীর জ্বালানি ট্যাংক, বিশাল সমরাস্ত্রের গুদাম, বড় সামরিক সরঞ্জাম ডিপো এবং সেনাসদস্যদের আবাসন ব্যারাকে আঘাত হানা হয়েছে। ঠিক একই সময়ে নিজেদের কৌশলগত শক্তির মহড়া দেখিয়ে জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটিতেও আঘাত হানে ইরানের দ্বিতীয় ড্রোন বহর। সেখানে মার্কিন বাহিনীর একটি গুরুত্বপূর্ণ এয়ারক্রাফট হ্যাঙ্গার এবং সেনাদের ব্যারাক লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়। মার্কিন বাহিনীর পক্ষ থেকে এখনও ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত করা হয়নি। মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন সামরিক অবকাঠামোতে আচমকা এই জোড়া আঘাত এই অঞ্চলের পরিস্থিতিকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে।