ধ্রুব ডেস্ক
দক্ষিণ লেবাননের একটি শহরের আবাসিক এলাকায় অবৈধভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সোমবার এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, গত ৩ মার্চ দক্ষিণ লেবাননের ইয়োহমোর শহরে বাড়িঘরের ওপর আর্টিলারি থেকে নিক্ষেপ করা সাদা ফসফরাস গোলা ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী।
এইচআরডব্লিউ বলেছে, তারা অন্তত সাতটি ছবি যাচাই করেছে, যেখানে দেখা গেছে, আবাসিক এলাকার ওপর আকাশে বিস্ফোরিত হয়ে সাদা ফসফরাস ছড়িয়ে পড়ছে। ওই এলাকায় দুটি বাড়ি ও একটি গাড়িতে আগুন লাগার ঘটনায় সিভিল ডিফেন্স কর্মীদেরও সাড়া দিতে দেখা গেছে।
হিউম্যান রাইটস ওয়াচ সাতটি ছবি এবং ভিডিও ফুটেজ যাচাই করে নিশ্চিত করেছে যে ইসরাইলি সামরিক বাহিনী ১৫৫ মিলিমিটার আর্টিলারি প্রজেক্টাইল ব্যবহার করে এই হামলা চালিয়েছে। সাদা ফসফরাস অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্রই প্রজ্বলিত হয় এবং এটি মানবদেহে এমন গভীর ক্ষত সৃষ্টি করে যা জীবনভর যন্ত্রণার কারণ হতে পারে।
সংস্থাটির লেবানন গবেষক রামজি কাইস এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন যে জনাকীর্ণ এলাকায় এই অস্ত্রের ব্যবহার বেসামরিক নাগরিকদের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। সূত্র : আল-জাজিরা।
ধ্রুব/এস