ধ্রুব নিউজ ডেস্ক
কোলেট ক্রেস ছবি: সংগৃহীত
টেক জায়ান্ট এনভিডিয়ায় এক ঐতিহাসিক ক্ষমতার পালাবদল ঘটেছে। দীর্ঘ ৩৩ বছর ধরে নেতৃত্ব দেওয়ার পর ব্যক্তিগত কারণ ও সম্পর্কের টানাপোড়েনের জেরে পদত্যাগ করেছেন কোম্পানির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। তাঁর স্থলাভিষিক্ত হয়ে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস। একই সঙ্গে কোম্পানির পরিচালনা পর্ষদের প্রথম স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন হার্ভি সি জোন্স।
গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় এই চিপ নির্মাতা প্রতিষ্ঠান। এনভিডিয়ার দীর্ঘ পথচলার মূল কারিগর জেনসেন হুয়াং ১৯৯৩ সাল থেকে প্রেসিডেন্ট, সিইও এবং পর্ষদ সদস্য হিসেবে প্রতিষ্ঠানটিকে আজকের উচ্চতায় নিয়ে এসেছিলেন। তাঁর হঠাৎ বিদায়ের পর নতুন অন্তর্বর্তী সিইও হিসেবে কোলেট ক্রেসের নাম ঘোষণা করা হলেও বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাঁকে স্থায়ী সিইও পদেও অন্যতম শীর্ষ দাবিদার হিসেবে বিবেচনা করছে পরিচালনা পর্ষদ।
কে এই কোলেট ক্রেস?
অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতক এবং সাউদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জনকারী কোলেট ক্রেস প্রযুক্তি বিশ্বে এক পরিচিত মুখ। ২০১৩ সালের সেপ্টেম্বরে এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে তিনি প্রায় আড়াই দশক ধরে সিসকো এবং মাইক্রোসফটের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের অর্থ বিভাগে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এনভিডিয়ায় যোগদানের পর থেকেই কোম্পানির আর্থিক প্রবৃদ্ধি এবং কৌশলগত রূপান্তরে মূল ভূমিকা পালন করে আসছেন ক্রেস। তিনি একই সঙ্গে কোম্পানির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও সিএফও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পর্ষদের নতুন চেয়ারম্যান হার্ভি জোন্স তাঁর ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, ‘কোম্পানির কার্যক্রম, আর্থিক ভিত্তি এবং ভবিষ্যতের রূপরেখা তৈরিতে কোলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর নেতৃত্ব এনভিডিয়াকে আরও দূর নিয়ে যাবে।’
ফোর্বসের ২০২৬ সালের শীর্ষ ধনী নারীদের তালিকায় ৩২তম স্থানে থাকা কোলেট ক্রেসের নেতৃত্বাধীন সময়ে এনভিডিয়া অভাবনীয় আর্থিক সাফল্য অর্জন করেছে। বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরে মূল বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে তাঁর মোট পারিশ্রমিক ছিল ১ কোটি ৬০ লাখ ডলার। পাশাপাশি, গত বুধবারের বাজার দর অনুযায়ী এনভিডিয়ায় তাঁর ব্যক্তিগত শেয়ারের মূল্য প্রায় ৭৫ কোটি ডলার, যা গত মাসে শেয়ারের দামের রেকর্ড ঊর্ধ্বগতির সময় ১০০ কোটি ডলার ছাড়িয়ে গিয়েছিল।
ক্রেসের সুদৃঢ় আর্থিক ব্যবস্থাপনার হাত ধরে ২০১৪ অর্থবছরে এনভিডিয়ার বার্ষিক আয় ছিল মাত্র ৪১৩ কোটি ডলার, যা বেড়ে ২০২৫ অর্থবছরে ১৩০৫০ কোটি ডলারে পৌঁছেছে। এছাড়া ২০১৩ সালে তিনি যখন কোম্পানিতে যোগ দেন, তখন এনভিডিয়ার বাজারমূল্য ছিল প্রায় ৯০০ কোটি ডলার; বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও দ্রুতগতির কম্পিউটিং খাতের বদৌলতে তা প্রায় ৪ ট্রলিয়ন ডলারে উন্নীত হয়েছে। অর্থাৎ, তাঁর কার্যকালেই কোম্পানির বাজারমূল্য প্রায় ৪৪ হাজার শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দায়িত্ব গ্রহণের পর দেওয়া প্রতিক্রিয়ায় কোলেট ক্রেস জানান, এনভিডিয়ার মূল শক্তি এর কর্মীরা। জেনসেন হুয়াং গত তিন দশকে যে শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছেন, তার ওপর দাঁড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটিং খাতের আসন্ন সম্ভাবনাগুলোকে পূর্ণ মাত্রায় কাজে লাগিয়ে কোম্পানিকে আরও সামনে এগিয়ে নিতে তিনি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।