ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত কিংবা উপসর্গ দেখা গেছে ১ হাজার ২৫৯ জন শিশুর শরীরে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো হাম সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সর্বশেষ চিত্র উঠে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ২১৭ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি নমুনা পরীক্ষায় নতুন করে ৪২ শিশুর শরীরে নিশ্চিতভাবে হামের ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। মৃত তিন শিশুর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছে।
বিজ্ঞপ্তিতে আঞ্চলিক পরিস্থিতির চিত্রে দেখা যায়, দেশের মধ্যে বর্তমানে ঢাকা বিভাগে আক্রান্তের হার সবচেয়ে বেশি। গত একদিনে কেবল ঢাকা বিভাগেই ৪৯৯ জন শিশুর শরীরে উপসর্গ পাওয়া গেছে এবং ৩৪ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সারাদেশে মোট ২ লাখ ৩৮ হাজার ৯৬৭ জন শিশু হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হওয়া শিশুর সংখ্যা ২৩ হাজার ১৯৯। আর সন্দেহজনক উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জন।
এই সাত মাসে হাম ও এর উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১ হাজার ২০৪ জন শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে সরাসরি হামে আক্রান্ত হয়ে মৃত্যু নিশ্চিত হওয়া শিশু ১০৪ জন এবং বাকি ১ হাজার ১০০ শিশুর মৃত্যু হয়েছে হামের লক্ষণ বা উপসর্গ নিয়ে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মহামারি রূপ নেওয়া এই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন শিশু ভর্তি হয়েছিল। তাদের মধ্যে সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।