চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মা-প্রসূতি সেবা আরও গতিশীল করার লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মা-প্রসূতি সেবা আরও গতিশীল করার লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ডা. ইমদাদুল হক, ডা. সুরাইয়া পারভিন, ডা. দেবাশীষ রায়, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইউনুচ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী, থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাবেক সভাপতি মো. ইয়াকুব আলী এবং সাংবাদিক ইমাম হোসেন সাগর।
সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পর্যালোচনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান উন্নত করা, রোগীদের সেবার পরিধি বাড়ানো এবং মা ও প্রসূতিদের প্রসবসেবা আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
একই সঙ্গে সাধারণ মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের সার্বিক কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার ওপর জোর দেন বক্তারা।