ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় জনস্বাস্থ্য নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। সর্বশেষ এক দিনে হামসংশ্লিষ্ট উপসর্গ নিয়ে আরও আটজন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি সন্দেহজনক ও নিশ্চিত আক্রান্ত মিলিয়ে নতুন করে ১ হাজার ১৫ জন রোগী শনাক্ত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই চিত্র তুলে ধরা হয়েছে।
অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জনে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষায় ২৬ হাজার ৬০৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
এই পুরো সময়জুড়ে সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ১ হাজার ২৮০ জন। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০৫ জন।
হাসপাতালে ভর্তি ও সুস্থতার চিত্রও বিজ্ঞপ্তিতে উঠে এসেছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন রোগী। এদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন ৯৬১ জন। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন আরও ৫৪ জন, হামজনিত উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন আটজন।