এম জামান
ছবি: সংগৃহীত
শখ করে কুকুর ও বিড়াল পালন করা এখন আধুনিক পরিবারে আভিজাত্যের প্রতীক হয়ে উঠলেও এর বড় মূল্য দিতে হচ্ছে শিশুদের। যশোরের শহুরে মানুষের এই শৌখিনতার কারণে প্রতিনিয়ত পোষা প্রাণীর কামড় বা আঁচড়ের শিকার হচ্ছে কোমলমতি শিশুরা। ফলে প্রাণঘাতী জলাতঙ্ক বা র্যাবিস ভাইরাসের মারাত্মক ঝুঁকিতে পড়ে যশোর জেনারেল হাসপাতালের ইপিআই বিভাগে প্রতিদিন ভিড় করছেন দুই শতাধিক রোগী।
হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ১,৭৮৩ ডোজ, ফেব্রুয়ারিতে (সংকটকালীন সময়) ৬০৬ ডোজ, মার্চ মাসে ৮৭০ ডোজ, এপ্রিল: ২,২৪১ ডোজ, মে মাসে ২,৫২৬ ডোজ, জুন মাসে (সংকটকালীন): ১৭৪ ডোজ, জুলাই মাসে ১,৯৭৪ ডোজ, আগস্ট (সংকটকালীন) ৬৫৫ ডোজ, সেপ্টেম্বর (১০ তারিখ পর্যন্ত): ২,০০০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এরপর ভ্যাকসিন সম্পূর্ণ শেষ হয়ে যায় এবং নতুন বরাদ্দ আসেনি। সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১ হাজার ৩২৯ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।
চিকিৎসকদের মতে, গর্ভবতী কোনো নারী কুকুর বা বিড়ালের কামড় কিংবা র্যাবিস ভাইরাসে আক্রান্ত হলে রক্তের মাধ্যমে তার অনাগত সন্তানের দেহেও এই ভাইরাস ছড়াতে পারে, যা নবজাতকের জন্য নিশ্চিত মৃত্যুর কারণ হতে পারে।
হাসপাতালের ইপিআই বিভাগের ইনচার্জ মো. নুরুল ইসলাম জানান, শহুরে মানুষের মধ্যে বিদেশি সংস্কৃতির প্রভাব ও বিলাসিতার প্রবণতা বাড়ায় বাড়িতে কুকুর ও বিড়াল পোষার হার বেড়েছে। ফলে নিজ সন্তানরাই বিপদের মুখে পড়ছে।
তিনি আরও জানান, বর্তমানে প্রতিদিন গড়ে পৌনে দুই শ থেকে দুই শ মানুষ র্যাবিস বা জলাতঙ্ক রোগের প্রতিষেধক নিতে হাসপাতালে আসছেন। এদের বয়স সাধারণত দুই থেকে ১৮ বছরের মধ্যে। এর মধ্যে শতকরা ৮০ থেকে ৯০ ভাগই আক্রান্ত হচ্ছে বাসা-বাড়িতে পোষা কুকুর ও বিড়ালের মাধ্যমে। বিপরীতে রাস্তাঘাটের বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্তের হার মাত্র ১০ ভাগ। জলাতঙ্ক নিশ্চিত মৃত্যুঝুঁকি জানার পরও যত্রতত্র কুকুর-বিড়াল পালন করায় অভিভাবকরা চরম বিপাকে পড়েছেন। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা শিশু সুরক্ষায় বাড়িতে কুকুর-বিড়াল পোষা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, “প্রাণী পোষায় আমাদের সরাসরি নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ নেই। তবে এগুলোর কারণে শিশুরা বাড়িতেই বেশি আক্রান্ত হচ্ছে এবং জলাতঙ্কের ঝুঁকি তৈরি হচ্ছে। হাসপাতালের পক্ষ থেকে আমরা নিয়মিত র্যাবিস ভ্যাকসিনের ব্যবস্থা রেখেছি। তবে ক্ষতিকর এসব প্রাণী বাড়িতে না রাখলে শিশুদের সুরক্ষা দেওয়া অনেক সহজ হয়।”