ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গু ও অন্যান্য মৌসুমী রোগের পাশাপাশি হামের সংক্রমণও উদ্বেগজনক রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারাদেশে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯২ জন এবং ল্যাবরেটরি পরীক্ষায় ১৫৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
আজ (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত শনিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিসংখ্যানের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ হারানো ৮ শিশুর মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের। বাকি দু’জনের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগ এবং অপরজন খুলনা বিভাগের বাসিন্দা। এছাড়া ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত দেশজুড়ে মোট ২ লাখ ৪৮ হাজার ৬০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ২৫ হাজার ২৬৯ জনের শরীরে রোগটি নিশ্চিত করা হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১০৫ জন।
বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানীসহ ঢাকা বিভাগ। এই বিভাগে ১ লাখ ৩ হাজার ১৯০ জনের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯০৩ জনের। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪৩ হাজার ৩৯৮ জনের উপসর্গ এবং ৩ হাজার ৬৯৬ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা মূলত শিশুদের বেশি আক্রান্ত করে। এই পরিস্থিতিতে লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং শিশুদের প্রয়োজনীয় টিকাদানের আওতায় আনার ওপর বিশেষ জোর দিচ্ছেন তারা।