ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: বাসস
দেশে ডেঙ্গুর পরিস্থিতি দিন দিন আরও আশঙ্কাজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন রোগী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে চলতি বছরের গত ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে সর্বোচ্চ ১০ জন করে মারা যাওয়ার রেকর্ড ছিল। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সেই আগের রেকর্ডও ছাড়িয়ে গেল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে। এছাড়া সারা দেশে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন মোট ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর এই লাগামহীন সংক্রমণ রোধে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কারের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধে পদক্ষেপ নিতে হবে।