❒ ঘরের গণ্ডি থেকে বন্দিশিবির—কীভাবে জার্মান নারীদের একাংশ হয়ে উঠেছিলেন হিটলারের বর্ণবাদী রাষ্ট্রযন্ত্রের সক্রিয় সহযোগী বিশেষ অনুসন্ধানী ফিচার
আল-জাজিরা
জার্মানিতে ইভানজেলিক্যাল চার্চের নামমাত্র প্রধানের হাতে তাঁর কন্যা ইডার নামকরণ অনুষ্ঠানে নাৎসি নেতা হারমান গোরিংকে আনন্দিত দেখাচ্ছে। শিশুটির ধর্মপিতা ছিলেন অ্যাডলফ হিটলার। ছবি: সংগৃহীত
একদিকে আদর্শ জার্মান মা, অন্যদিকে বন্দিশিবিরের নিষ্ঠুর প্রহরী। সংসার ও সন্তান লালন-পালনের গণ্ডি পেরিয়ে নারীদের একাংশ যুক্ত হয়েছিলেন সামরিক সহায়তা, বর্ণবাদী প্রচারণা এমনকি গণহত্যার কর্মকাণ্ডেও। নাৎসি জার্মানির ইতিহাসের আড়ালে থাকা সেই নারীদের ভূমিকা নতুন করে সামনে এনেছে এক অনুসন্ধান।
নাৎসি জার্মানির ইতিহাস বলতে সাধারণত চোখের সামনে ভেসে ওঠে আডলফ হিটলার, হাইনরিখ হিমলার, জোসেফ গোয়েবলস কিংবা হারমান গোরিংয়ের মুখ। কিন্তু এই ভয়ংকর রাষ্ট্রব্যবস্থার পেছনে সক্রিয় ছিল নারীদেরও এক বিশাল নেটওয়ার্ক। কেউ ছিলেন সংগঠক, কেউ প্রচারক, কেউ সামরিক সহকারী, আবার কেউ বন্দিশিবিরের প্রহরী ও গণহত্যার সহযোগী।
নারীদের প্রসঙ্গে তিনটি নাম বিশেষভাবে পরিচিত—এভা ব্রাউন, লেনি রিফেনস্টাল ও মাগডা গোয়েবলস।
এভা ব্রাউন ছিলেন হিটলারের দীর্ঘদিনের সঙ্গিনী। ১৯৪৫ সালের ২৯ এপ্রিল বার্লিনের বাঙ্কারে তাঁদের বিয়ে হয়। পরদিন দুজন আত্মহত্যা করেন। লেনি রিফেনস্টাল ছিলেন চলচ্চিত্র নির্মাতা। তাঁর Triumph of the Will নাৎসি প্রচারণাকে চলচ্চিত্রের শক্তিশালী মাধ্যমে রূপ দিয়েছিল। আর মাগডা গোয়েবলস ছিলেন নাৎসি প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের স্ত্রী। ১৯৪৫ সালের ১ মে তিনি ও তাঁর স্বামী তাঁদের ছয় সন্তানকে বিষ প্রয়োগে হত্যা করে আত্মহত্যা করেন।
তবে এই পরিচিত মুখগুলোর বাইরেও ছিল লাখ লাখ নারীর অংশগ্রহণের এক বিস্মৃত ইতিহাস।
তথাকথিত আর্য জাতিগত বিশুদ্ধতার ধারণা থেকে জার্মান নারীদের বেশি সন্তান জন্ম দিতে উৎসাহিত করা হতো। তাঁদের আদর্শ স্ত্রী ও মা হিসেবে গড়ে তোলা এবং সন্তানদের নাৎসি মতাদর্শে শিক্ষিত করার ওপর গুরুত্ব দেওয়া হতো।
সন্তান, সংসার ও রাষ্ট্রসেবা: নাৎসি জার্মানিতে নারীর অবস্থান
নাৎসি মতাদর্শে নারীর প্রধান দায়িত্ব নির্ধারিত ছিল তিনটি বিষয়ে—সন্তান জন্মদান, পরিবার রক্ষা এবং রাষ্ট্রের প্রয়োজনে নির্দিষ্ট পেশায় অংশগ্রহণ।
হিটলারের চালক জুলিয়াস শেরকে, যিনি ১৯২২ সাল থেকে নেতার সঙ্গে এক লক্ষ কিলোমিটারেরও বেশি ভ্রমণ করেছেন, ছবি: সংগৃহীত
তথাকথিত আর্য জাতিগত বিশুদ্ধতার ধারণা থেকে জার্মান নারীদের বেশি সন্তান জন্ম দিতে উৎসাহিত করা হতো। তাঁদের আদর্শ স্ত্রী ও মা হিসেবে গড়ে তোলা এবং সন্তানদের নাৎসি মতাদর্শে শিক্ষিত করার ওপর গুরুত্ব দেওয়া হতো।
অন্যদিকে রাষ্ট্রের প্রয়োজনে নারীদের যুক্ত করা হয় জনকল্যাণ, স্বাস্থ্যসেবা, প্রচার, প্রশাসন, সামরিক যোগাযোগ ও নাগরিক প্রতিরক্ষার কাজে।
এখানেই নাৎসি রাষ্ট্রের বৈপরীত্য। একদিকে নারীদের ঘর ও মাতৃত্বের মধ্যে সীমাবদ্ধ রাখার আদর্শ প্রচার করা হয়েছে, অন্যদিকে রাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক লক্ষ্য বাস্তবায়নে তাঁদের সক্রিয়ভাবে সংগঠিত করা হয়েছে। নারীদের স্বাধীনতা নয়, তাঁদের শ্রম, সামাজিক প্রভাব ও আনুগত্যকে কাজে লাগানোই ছিল মূল উদ্দেশ্য।
'আপনার দাদি কি নাৎসি ছিলেন?'—৩৫ লাখ নথির অনুসন্ধান
জার্মানির প্রভাবশালী সাপ্তাহিক সংবাদমাধ্যম Die Zeit-এর একটি অনুসন্ধানী প্রকল্প নাৎসি আমলে নারীদের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।
পত্রিকাটি জার্মান উইমেনস অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল সোশ্যালিস্ট উইমেনস লিগের প্রায় ৩৫ লাখ সংরক্ষিত নথি ও সদস্যপদসংক্রান্ত তথ্য অনুসন্ধান করেছে। এসব নথির ভিত্তিতে তৈরি করা হয়েছে একটি অনুসন্ধানব্যবস্থা। এর মাধ্যমে জার্মান নাগরিকেরা নিজেদের মা বা দাদির নাৎসি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা সম্পর্কে জানতে পারবেন।
অনুসন্ধানটির প্রশ্ন—'আপনার দাদি কি তাদের একজন ছিলেন?'
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বহু জার্মান পরিবারে নাৎসি অতীত নিয়ে নীরবতা তৈরি হয়েছিল। কেউ দাবি করেছেন, তাঁদের পূর্বপুরুষেরা বাধ্য হয়ে সংগঠনে যুক্ত হয়েছিলেন; কেউ আবার পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে কিছুই জানতেন না।
নতুন এই অনুসন্ধান সেই পারিবারিক নীরবতা ভাঙার সুযোগ তৈরি করছে। তবে সদস্যপদ তালিকায় নাম থাকলেই কাউকে সরাসরি যুদ্ধাপরাধী বলা যায় না। তাঁর যোগদানের পরিস্থিতি, ব্যক্তিগত ভূমিকা ও কর্মকাণ্ড আলাদাভাবে যাচাই করা জরুরি।
নারী সংগঠনের বিশাল নেটওয়ার্ক: ৯৬ লাখ সদস্যপদের হিসাব
নাৎসি রাষ্ট্র সমাজের প্রতিটি স্তরে নিজেদের মতাদর্শ ছড়িয়ে দিতে নারীসমাজকে সংগঠিত করেছিল। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল দুটি সংগঠন।
ন্যাশনাল সোশ্যালিস্ট উইমেনস লিগ: ১৯৩১ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ১৯৩৫ সাল থেকে আনুষ্ঠানিকভাবে নাৎসি পার্টির সঙ্গে যুক্ত হয়। সদস্যপদ ছিল স্বেচ্ছামূলক, তবে প্রবেশের ক্ষেত্রে কঠোর বর্ণবাদী শর্ত ছিল। নাৎসিদের সংজ্ঞায়িত তথাকথিত আর্য জার্মান বংশোদ্ভূত নারীরাই এতে যোগ দিতে পারতেন। Die Zeit-এর অনুসন্ধানে সদস্যসংখ্যা প্রায় ২৬ লাখ বলে উঠে এসেছে।
জার্মান উইমেনস অ্যাসোসিয়েশন: বিভিন্ন রক্ষণশীল, বুর্জোয়া ও ধর্মীয় নারী সংগঠনকে নাৎসি রাষ্ট্রের নিয়ন্ত্রণে এনে এই বৃহত্তর ছাতা সংগঠন গড়ে তোলা হয়। এর প্রায় ৩০ লাখ ব্যক্তিগত সদস্য এবং পূর্ববর্তী সংগঠনগুলো থেকে যুক্ত হওয়া প্রায় ৪০ লাখ যৌথ সদস্যের হিসাব পাওয়া যায়।
১৯৩৪ সাল থেকে যুদ্ধের শেষ পর্যন্ত দুটি সংগঠনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গার্ট্রুড শোল্টজ-ক্লিংক (Gertrud Scholtz-Klink)।
কৃষক, শ্রমিক, কারিগর, মধ্যবিত্ত, শিক্ষিত বুর্জোয়া এমনকি সাবেক অভিজাত পরিবারের নারীরাও এসব সংগঠনে যুক্ত হয়েছিলেন। তবে নেতৃত্বের পদগুলো মূলত মধ্যবিত্ত ও উচ্চবিত্ত নারীদের নিয়ন্ত্রণে ছিল।
সব মিলিয়ে সদস্যপদের সংখ্যা দাঁড়ায় প্রায় ৯৬ লাখ। তৎকালীন জার্মান রাইখের চার কোটি নারীর মধ্যে প্রতি পাঁচজনে একজন এসব সংগঠনের কোনো না কোনো কাঠামোর সঙ্গে যুক্ত ছিলেন। তবে যৌথ ও ব্যক্তিগত সদস্যপদের হিসাব থাকায় এই সংখ্যাকে ৯৬ লাখ স্বতন্ত্র নারী হিসেবে বিবেচনা করা ঠিক নয়।
শহরের চেয়ে গ্রামাঞ্চলে বেশি প্রভাব
নাৎসি নারী সংগঠনগুলোর প্রভাব জার্মানির সব অঞ্চলে সমান ছিল না। ১৯৩৮ সালের সদস্যপদসংক্রান্ত তথ্য অনুযায়ী, উত্তর ও উত্তর-পূর্ব জার্মানির প্রটেস্ট্যান্ট-প্রধান গ্রামীণ এলাকায় সংগঠনগুলোর বিস্তার ছিল বেশি। ক্যাথলিক-প্রধান দক্ষিণ-পশ্চিমে তা তুলনামূলক কম ছিল।
বার্লিনের মতো বড় শিল্পনগরীতে ন্যাশনাল সোশ্যালিস্ট উইমেনস লিগের সদস্যসংখ্যা নারীদের মোট সংখ্যার প্রায় ২ শতাংশ ছিল। অন্যদিকে মধ্য ও উত্তর জার্মানির কিছু গ্রামীণ এলাকায় এই হার পৌঁছেছিল ১০ শতাংশে।
কৃষক, শ্রমিক, কারিগর, মধ্যবিত্ত, শিক্ষিত বুর্জোয়া এমনকি সাবেক অভিজাত পরিবারের নারীরাও এসব সংগঠনে যুক্ত হয়েছিলেন। তবে নেতৃত্বের পদগুলো মূলত মধ্যবিত্ত ও উচ্চবিত্ত নারীদের নিয়ন্ত্রণে ছিল।
ঘরের ভেতর থেকে যুদ্ধের প্রস্তুতি
ইতিহাসবিদ নিকোল ক্রেমারের (Nicole Kramer) বিশ্লেষণ অনুযায়ী, নাৎসি নারী সংগঠনগুলো জার্মান সমাজকে ভেতর থেকে সামরিক প্রয়োজনে পুনর্গঠনে ভূমিকা রেখেছিল।
বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রে নারীদের বক্তৃতা প্রদান, সংগঠন পরিচালনা ও নাৎসি মতাদর্শ প্রচারের প্রশিক্ষণ দেওয়া হতো। তাঁরা সমাজকল্যাণ কার্যক্রম, রেডক্রসের সহায়তামূলক কাজ, নাগরিক প্রতিরক্ষা, বিমান হামলার সময় জরুরি সেবা এবং সামরিক যোগাযোগে যুক্ত ছিলেন।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব কর্মকাণ্ডের সবই বাধ্যতামূলক ছিল না। যুদ্ধের শুরুর বছরগুলোতে বহু নারী স্বেচ্ছায় এসব কাজে যোগ দিয়েছিলেন। অর্থাৎ, নারী নেটওয়ার্কের একটি অংশ রাজনৈতিক বিশ্বাস ও মতাদর্শিক আনুগত্য থেকেই সক্রিয় হয়েছিল।
'বিস্মৃত নারী সৈনিক': যুদ্ধে দশ লাখেরও বেশি নারী
সামরিক ইতিহাসবিদ কারিন হেগেম্যানের (Karen Hagemann) গবেষণায় উঠে এসেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১০ লাখেরও বেশি জার্মান নারী সামরিক ও যুদ্ধ-সহায়ক দায়িত্ব পালন করেছিলেন।
প্রায় পাঁচ লাখ নারী ভারমাখটের স্থল, বিমান ও নৌবাহিনীর বিভিন্ন শাখায় সহায়ক হিসেবে কাজ করেন। তাঁদের দায়িত্ব ছিল টেলিফোন ও বেতার যোগাযোগ, সংকেত আদান-প্রদান এবং প্রশাসনিক কার্যক্রম। যুদ্ধের শেষ দিকে প্রতি ২০ জন পুরুষ সেনার বিপরীতে অন্তত একজন নারী সামরিক সহকারী ছিলেন।
এ ছাড়া আরও প্রায় পাঁচ লাখ নারী জার্মানির অভ্যন্তরে বিমান প্রতিরক্ষার বিভিন্ন সহায়ক কাজে যুক্ত ছিলেন।
পুরুষদের ফ্রন্টে পাঠানোর ফলে শিল্প, কৃষি, পরিবহন ও উৎপাদন খাতেও নারীদের ওপর নির্ভরতা বাড়ে। তাঁরা সরাসরি সম্মুখযুদ্ধে অংশ না নিলেও নাৎসি জার্মানির যুদ্ধযন্ত্র সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
গণহত্যার সহযোগী: বন্দিশিবিরের নারী প্রহরীরা
নাৎসি নারীদের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় হলো কনসেনট্রেশন ক্যাম্প ও গণহত্যার সঙ্গে তাঁদের একাংশের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা।
বিভিন্ন বন্দিশিবিরে নারী প্রহরী ও প্রশাসনিক কর্মীদের নিয়োগ করা হয়েছিল। তাঁদের কাজের মধ্যে ছিল বন্দিদের পাহারা, তল্লাশি, শাস্তি, নির্যাতন ও দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব।
ইতিহাসবিদ ওয়েন্ডি লোয়ার (Wendy Lower) তাঁর Hitler's Furies: German Women in the Nazi Killing Fields গ্রন্থে দেখিয়েছেন, পূর্ব ইউরোপে নাৎসি দখলদারত্বের সময় জার্মান নারীদের একটি অংশ গণহত্যার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগী হয়েছিলেন।
জার্মানি তার ইতিহাস ঘাঁটাঘাঁটি অব্যাহত রেখেছে, এবার তারা নাৎসি আন্দোলনে নারীদের ভূমিকা খুঁজছে, ছবি: সংগৃহীত
তাঁদের কেউ ছিলেন প্রশাসনিক কর্মকর্তা, কেউ সামরিক কর্মকর্তাদের সচিব, কেউ নার্স, আবার কেউ দখলকৃত অঞ্চলে বসতি স্থাপনকারী। আলজাজিরার প্রতিবেদনে লোয়ারের গবেষণার সূত্রে প্রায় ১০ হাজার নারীর এসএস-সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে। তবে নারীরা আনুষ্ঠানিকভাবে এসএসের সদস্য ছিলেন না; তাঁরা বিভিন্ন সহায়ক ও সংশ্লিষ্ট ভূমিকায় কাজ করতেন।
এঁদের মধ্যে কুখ্যাত ছিলেন ইরমা গ্রেসে। তিনি আউশভিৎস ও বার্গেন-বেলসেন বন্দিশিবিরের নারী প্রহরী ছিলেন। বন্দিদের ওপর নিষ্ঠুর নির্যাতনের অভিযোগে বিচারের পর ১৯৪৫ সালে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হয়।
আরেক পরিচিত নাম ইলসে কোখ। বুখেনভাল্ড বন্দিশিবিরের কমান্ড্যান্ট কার্ল কোখের স্ত্রী হিসেবে তিনি বন্দিদের ওপর নিষ্ঠুর আচরণের অভিযোগে কুখ্যাত হয়ে ওঠেন। যুদ্ধের পর তাঁর বিচার হয় এবং তিনি দীর্ঘ কারাদণ্ডে দণ্ডিত হন।
এই ঘটনাগুলো দেখায়, গণহত্যার মতো অপরাধ শুধু রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তে বাস্তবায়িত হয় না; এর জন্য প্রয়োজন হয় অসংখ্য প্রশাসনিক, সামরিক ও সামাজিক সহযোগীর অংশগ্রহণ।
হিটলারের নাৎসিবাদের মুখ তাই শুধু পুরুষের মুখ ছিল না। সেই মুখের আড়ালে ছিল অসংখ্য নারীর হাতও।
সব নারী কি নাৎসি অপরাধের অংশ ছিলেন?
নাৎসি জার্মানির সব নারীকে একই পরিচয়ে চিহ্নিত করা যায় না। কেউ ছিলেন সক্রিয় মতাদর্শিক সমর্থক, কেউ রাজনৈতিক সংগঠক, কেউ সামরিক সহায়ক, কেউ বাধ্যতামূলক পরিস্থিতিতে রাষ্ট্রের কাজে যুক্ত হয়েছিলেন। আবার কেউ নাৎসি শাসনের বিরোধিতাও করেছেন।
কোনো সংগঠনের সদস্য হওয়া আর গণহত্যায় সরাসরি অংশ নেওয়া এক বিষয় নয়। কিন্তু এই পার্থক্যের অর্থ অপরাধে জড়িত নারীদের দায় কমিয়ে দেখা নয়। তাঁদের ভূমিকা, সিদ্ধান্ত, জ্ঞান ও কর্মকাণ্ডের ভিত্তিতেই দায় নির্ধারণ করতে হবে।
ইতিহাসের আয়নায় নাৎসিবাদের আরেকটি মুখ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি জার্মানির পতন ঘটেছে। কিন্তু কীভাবে একটি আধুনিক সমাজকে বর্ণবাদ, ঘৃণা ও গণহত্যার দিকে ঠেলে দেওয়া সম্ভব হয়েছিল, সেই প্রশ্ন আজও প্রাসঙ্গিক।
এই অনুসন্ধানে নারীদের ভূমিকা উপেক্ষা করার সুযোগ নেই। তাঁরা একদিকে ছিলেন পুরুষতান্ত্রিক রাষ্ট্রের অধীনস্থ, অন্যদিকে তাঁদেরই একটি অংশ সেই রাষ্ট্রের বর্ণবাদী প্রকল্পকে এগিয়ে নিয়েছেন, যুদ্ধের অবকাঠামো সচল রেখেছেন, প্রচারণা চালিয়েছেন এবং বন্দিশিবিরে নির্যাতন ও গণহত্যার সহযোগী হয়েছেন।
হিটলারের নাৎসিবাদের মুখ তাই শুধু পুরুষের মুখ ছিল না। সেই মুখের আড়ালে ছিল অসংখ্য নারীর হাতও।