Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জেমস বন্ড নয়, তথ্য চুরিতে যেভাবে ‘হানি ট্র্যাপ’ পাতে গোয়েন্দারা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৮:২০ পিএম
জেমস বন্ড নয়, তথ্য চুরিতে যেভাবে ‘হানি ট্র্যাপ’ পাতে গোয়েন্দারা

ছবি: সংগৃহীত

প্রেমের ফাঁদ বা ‘হানি ট্র্যাপের’ কথা ভাবলে মনে জেমস বন্ড সিনেমার দৃশ্য ভেসে উঠতে পারে। রহস্যময় সুন্দরী এক নারী নিজের আকর্ষণ কাজে লাগিয়ে কোনো ব্যক্তির ঘনিষ্ঠ হন। ভালোবাসার অভিনয় করে তাঁর কাছে থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেন।

এমন কৌশল শুধু গোয়েন্দা কাহিনির বিষয় নয়। এর ইতিহাস বেশ দীর্ঘ। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দারা এখনো কৌশলটি ব্যবহার করেন। এতে ফেঁসে যাওয়া ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের ওপর প্রভাবের মাত্রা ব্যাপক হতে পারে। বিশ্বের সবচেয়ে বড় এআই চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং সম্ভবত এমনই কোনো অভিজ্ঞতার মুখোমুখি হলেন।

জেনসেনকে ঘিরে তৈরি বিতর্কেও ‘হানি ট্র্যাপ’ সামনে এসেছে। যেখানে বলা হচ্ছে, অ্যালিস হুয়াং নামে এক নারীর সঙ্গে তাঁর বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল। মার্কিন গোয়েন্দাদের বিশ্বাস, ওই নারী চীন সরকারের কাছে তথ্য পাচার করেছেন।

তবে এ ঘটনার অনেক বিষয় এখনো অস্পষ্ট। যেমন, অ্যালিসকে চীনা গোয়েন্দারা কখন ও কীভাবে নিয়োগ করেছিলেন এবং তাঁর মাধ্যমে আসলেই কোনো তথ্য ফাঁস হয়েছিল কি না। যখন এসব প্রশ্ন উঠছে, তখন চীন গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে।

ব্যবসায়িক গোয়েন্দা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি রিস্কসের প্রতিষ্ঠাতা আইজ্যাক স্টোন ফিশ বলেন, কমিউনিস্ট পার্টির এজেন্ট বলে অভিযুক্ত একজনের সঙ্গে বিশ্বের গুরুত্বপূর্ণ একটি কোম্পানির সিইওর প্রেমের সম্পর্ক থাকাটা স্বাভাবিক নয়। এটি তাঁর (জেনসেন) বিচারবুদ্ধির অভাবকে স্পষ্ট করে তুলেছে।

স্টোন ফিশ আরও বলেন, ‘হয়তো তিনি (জেনসেন) ওই নারীর সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো তথ্য শেয়ার করেননি। কিন্তু বাস্তবতা হলো, এমন সম্পর্কের অস্তিত্ব থাকাটাই একটি সমস্যা।’

অতীতেও অনেক পরিচিত ও প্রভাবশালী ব্যক্তি ‘হানি ট্র্যাপের’ শিকার হয়েছেন। স্টোন ফিশের মতে, প্রেমের ফাঁদ গুপ্তচরবৃত্তির সবচেয়ে পুরোনো কৌশলগুলোর একটি। এটি চীন ও রাশিয়ার গোয়েন্দাদের মধ্যে অনেক বেশি প্রচলিত।

কীভাবে প্রেমের ফাঁদ পাতা হয়?
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) কর্মকর্তা ছিলেন জন সাইফার। তিনি বলেন, প্রতিটি দেশের গোয়েন্দা সংস্থাই কিছু ব্যক্তিকে লক্ষ্যবস্তু বানায়। এসব ব্যক্তিদের কাছে সাধারণত গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে ধারণা করা হয়।

যৌনতা ও প্রেমকে কাজে লাগিয়ে এজেন্টদেরকে কোনো কঠিন অভিযানে পাঠানোর ক্ষেত্রে কর্তৃত্ববাদী সরকারের সক্ষমতা তুলনামূলক বেশি থাকে। জন সাইফার বলেন, চীন ও রাশিয়াসহ অন্য দেশগুলো গুপ্তচর নিয়োগের ক্ষেত্রে প্রভাব বিস্তার ও চাপ প্রয়োগের কৌশল নেয়। যেমন, বিদেশে অবস্থানরত কাউকে তারা বলতে পারে- ‘তুমি আমাদের সঙ্গে কাজ না করলে দেশে ফিরতে দেব না। আত্মীয়দের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না।’

সাবেক গোয়েন্দা ও গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মতে, প্রেমের ফাঁদ পাতার নানা পদ্ধতি আছে।

একটি পদ্ধতি হলো, লক্ষ্যবস্তুকে এমন পরিস্থিতিতে ফেলা, যা তাঁর জন্য বিব্রতকর হতে পারে। এরপর ব্ল্যাকমেইল বা হুমকি দেওয়া হয়। ওয়াশিংটনভিত্তিক প্রতিরক্ষানীতি গবেষণার প্রতিষ্ঠান জেমসটাউন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পিটার ম্যাটিস বলেন, কেউ যদি পতিতালয়ে যায় বা যৌনকর্মীর সঙ্গে সম্পর্কে জড়ায়, তাহলে গোয়েন্দা সংস্থা সেই সুযোগ কাজে লাগাতে পারে। তারা ওই ব্যক্তিকে গিয়ে বলতে পারে, ‘আমরা চাইলে তোমাকে গ্রেপ্তার করতে পারি, অথবা তুমি আমাদেরকে সাহায্য করতে পারো।’

আরেকটি পদ্ধতি সিনেমায় সবচেয়ে বেশি দেখা যায়। তবে বাস্তবে এর ব্যবহার তুলনামূলক কম। জন সাইফার বলেন, একজন প্রশিক্ষিত বিদেশি এজেন্ট শুরু থেকেই লক্ষ্যবস্তুকে প্রলুব্ধ ও তার কাছে থেকে সুবিধা আদায়ের উদ্দেশ্যে সরাসরি ঘনিষ্ঠ হন।

এক্ষেত্রে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক নারী এজেন্টের অভিযানের উদাহরণ দেওয়া যেতে পারে। তিনি ‘সিন্ডি’ নামে মার্কিন পর্যটকের পরিচয়ে মর্দেখাই ভানুনুকে প্রেমের ফাঁদে ফেলেছিলেন। ভানুনু সাবেক পারমাণবিক প্রযুক্তিবিদ। তিনি ইসরায়েলের অঘোষিত পারমাণবিক কর্মসূচির গোপন তথ্য ব্রিটিশ গণমাধ্যমে ফাঁস করেছিলেন। প্রেমের ফাঁদে ফেলার পর তাঁকে অপহরণ করেছিলেন ওই মোসাদ এজেন্ট। 

গোয়েন্দা বিশ্লেষকরা বলেন, যেকোনো নারী বা পুরুষ স্বাভাবিকভাবেই একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। যুগের পর যুগ এটাই ঘটে আসছে। ফলে এই আবেগীয় প্রবণতাকে কাজে লাগাতে গোয়েন্দা সংস্থাগুলো ওত পেতে থাকে। যে ব্যক্তিকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, তার ওপর নজর রাখে। ঘটনা ঘটার পর প্রলোভন বা চাপ প্রয়োগের মাধ্যমে তথ্য সংগ্রহ করে।

গোপন প্রেম ও ভুয়া সন্তান
এই কৌশলগুলোর ইতিহাস বেশ পুরোনো। স্নায়ুযুদ্ধের সময় পূর্ব জার্মানি সুদর্শন ও আকর্ষণীয় পুরুষদের প্রশিক্ষণ দিয়ে ‘রোমিও স্পাই’ হিসেবে তৈরি করেছিল। সিআইয়ের সাবেক কর্মকর্তা জন সাইফার বলেন, ওই সময় রাশিয়ার গোয়েন্দারা প্রায়ই এ কৌশল ব্যবহার করত। পশ্চিমা কূটনীতিক ও সাংবাদিকদের হোটেলকক্ষে নারী ও পুরুষ- উভয় ধরনের এজেন্ট পাঠানো হতো।

১৯৬০ থেকে ১৯৮০-এর দশক পর্যন্ত চলা এমন একটি চাঞ্চল্যকর ঘটনার কথা জানা যায়। বেইজিংয়ে নিযুক্ত ফরাসি কূটনীতিক বার্নার বুরসিকোকে লক্ষ্যবস্তু বানান এক পুরুষ অপেরা শিল্পী। কিন্তু বার্নারের সামনে তিনি নিজেকে নারী হিসেবে তুলে ধরেন। এরপর তাদের মধ্যে গোপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

দ্য নিউইয়র্ক টাইমসের আর্কাইভের তথ্য অনুযায়ী, শি পেই পু নামের ওই শিল্পী প্রায় দুই দশক ধরে প্রতারণা চালিয়ে যান। এক সময় দাবি করেন, তাঁর গর্ভে বার্নারের সন্তান জন্ম নিয়েছে। শিশুটি ছিল মূলত চীনের উইঘুর সংখ্যালঘু সম্প্রদায়ের। দারিদ্র্যপীড়িত এক মা শিশুটিকে বিক্রি করেছিলেন।

একপর্যায়ে চীনা গোয়েন্দা সংস্থা বার্নারের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায়, ফরাসি দূতাবাসের তথ্য সরবরাহ করলেই তিনি শি পেই পুর সঙ্গে দেখা করতে পারবেন। শির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বার্নার শর্ত মেনে নেন। এরপর বছরের পর বছর ধরে দূতাবাসের নথি সরবরাহ করেন। একপর্যায়ে তিনি শি ও শিশুটিকে নিয়ে ফ্রান্সে ফিরে যান। সেখানে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। পরে শির প্রকৃত লিঙ্গপরিচয় প্রকাশ পায়। 

এনভিডিয়া কাণ্ডে কী ঝুঁকি?
জন সাইফারের মতে, প্রেমের ফাঁদে ফেলার কৌশল মাত্র ১০ শতাংশ ক্ষেত্রে সফল হয়। তবে গুপ্তচরবৃত্তির জগতে গুরুত্বপূর্ণ জায়গায় থাকা দু-একজনকে নিয়ন্ত্রণে আনতে পারাটাই যথেষ্ট। ১০০টি প্রচেষ্টার মধ্যে একটিতে সফল হলেও তা বড় অর্জন হিসেবে বিবেচিত হতে পারে।

বর্তমান ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত পরিস্থিতিতে চুরি করার মতো গোপন তথ্যের অভাব নেই। জেমসটাউন ফাউন্ডেশনের পিটার ম্যাটিস বলেন, এআই এমনই একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। এটি বৈজ্ঞানিক আবিষ্কার, সামাজিক নিয়ন্ত্রণ ও সামরিক লক্ষ্যবস্তু নির্ধারণে কাজে লাগে। ফলে শিল্প খাতটির শীর্ষ নেতৃত্বের যেকোনো ব্যক্তি গোয়েন্দাদের লক্ষ্যবস্তু হতে পারেন।

স্টোন ফিশের মতে, এনভিডিয়া কাণ্ড যুক্তরাষ্ট্র ও চীনের টানাপোড়েনপূর্ণ সম্পর্কে ঝুঁকির মাত্রা আরও বাড়িয়েছে। এতে পারস্পরিক অবিশ্বাস গভীর হতে পারে।

স্টোন ফিশ ও পিটার ম্যাটিস বলেন, আমরা সবাই মানুষ। সবারই এমন সম্পর্ক আছে, যেগুলোকে কাজে লাগিয়ে অন্য কেউ সুবিধা নিতে পারে। তাই শীর্ষ নির্বাহীদের লক্ষ্যবস্তু হওয়া এড়ানোর একমাত্র নিশ্চিত উপায় হলো বিচ্ছিন্ন হয়ে একাকী জীবন বেছে নেওয়া।

ম্যাটিসের ভাষায়, ‘ধরেই নিতে হবে আপনি কারো না কারো লক্ষ্যবস্ত। সুতরাং সতর্ক থাকতে হবে, বোকামি করা যাবে না। আর প্রশ্ন করতে ভুলবেন না।’

সূত্র : দৈনিক সমকাল 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)