নিজস্ব প্রতিবেদক
মাদকাসক্ত ছেলের হাতে মা বাবা জখম ছবি: ধ্রুব নিউজ
যশোর: যশোরে মাদকাসক্ত ছেলের হাতে জন্মদাতা বাবা ও মা নৃশংসভাবে জখম হওয়ার খবর পাওয়া গেছে। নেশার টাকা না পেয়ে নিজের বাবা-মাকে বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে সাদ্দাম (২৩) নামে এক যুবক। আজ সোমবার ভোররাত ৩টার দিকে যশোর কোতোয়ালি থানার হৈবতপুর ইউনিয়নের সাতমাইল এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন—সাতমাইল-হৈবতপুর রোডের বাসিন্দা মো. আছির উদ্দিন (৭০) এবং তার স্ত্রী রোকেয়া বেগম (৬০)। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আছির উদ্দিনের ছোট ছেলে সাদ্দাম দীর্ঘদিন ধরে মাদকের নেশায় আচ্ছন্ন। সোমবার ভোরে সে তার বাবা-মায়ের কাছে নেশার টাকা দাবি করে। টাকার অভাব ও ছেলের মাদকাসক্তির কারণে বাবা-মা টাকা দিতে অস্বীকার করলে সাদ্দাম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে ঘর থেকে ধারালো বটি এনে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
সাদ্দামের বটির কোপে আছির উদ্দিন ও রোকেয়া বেগম—উভয়েরই বাম হাতে গভীর ও গুরুতর জখম হয়। কুপিয়ে জখম করার পরও ক্ষান্ত হয়নি সাদ্দাম; সে লাঠি দিয়ে বৃদ্ধ বাবা-মাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সাদ্দাম পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় এই দম্পতিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত আছির উদ্দিনকে পুরুষ সার্জারি ওয়ার্ডে এবং রোকেয়া বেগমকে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। দুজনের শরীরেই ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তারা বেশ দুর্বল হয়ে পড়েছেন।