নিজস্ব প্রতিবেদক
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাসের হার শূন্য শতাংশ।
আজ সোমবার (১০ আগস্ট) যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী স্বাক্ষরিত 'শূন্য পাস করা প্রতিষ্ঠানের তালিকা' থেকে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।
প্রকাশিত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, শতভাগ ফেল করা এই ১১টি স্কুলের মোট পরীক্ষার্থী ছিল ৩৪ জন। তবে এদের মধ্যে কেউই উত্তীর্ণ হতে পারেনি। সাতক্ষীরা জেলায় সবচেয়ে বেশি (৪টি) এমন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এছাড়া যশোরে ৪টি, খুলনায় ২ টি এবং বাগেরহাটে ১টি স্কুল রয়েছে এই তালিকায়।
শূন্য পাস করা ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো:
· সাতক্ষীরা: সাতক্ষীরা নৈশ সেকেন্ডারি স্কুল (৭ জন পরীক্ষার্থী), গোদারা সেকেন্ডারি স্কুল (৪ জন), বাবুরাবাদ ধাপুখালী সেকেন্ডারি স্কুল (৪ জন) এবং সাহেবখালী সিদ্দিক গাজী সেকেন্ডারি স্কুল (৪ জন)।
· যশোর: হেলানচী কৃষ্ণবাটি সেকেন্ডারি গার্লস স্কুল (১ জন), চান্দুয়া সমসকাটি গার্লস হাই স্কুল (৩ জন), শাড়াতলা জুনিয়র গার্লস হাই স্কুল (২ জন) এবং মুক্তিযোদ্ধা জি.কে.জি.এস. সেকেন্ডারি গার্লস স্কুল (১ জন)।
· খুলনা: কাটেঙ্গা সেকেন্ডারি স্কুল (৪ জন) এবং আসমা সারোয়ার ইসলামিক হাই স্কুল (৪ জন)।
· বাগেরহাট: ডি. এন. একতা গার্লস হাই স্কুল (২ জন)।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এসব প্রতিষ্ঠানে পাসের হার শূন্য হওয়ার কারণ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।