নিজস্ব প্রতিবেদক
ছবি: এআই প্রণীত ইনফোগ্রাফি
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর এই বোর্ডে পাসের হার ৬৬.২৭ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী স্বাক্ষরিত ফলাফল ও পরিসংখ্যান বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, এ বছর মোট ১ লাখ ৩৫ হাজার ৮০৭ জন শিক্ষার্থী নিবন্ধিত থাকলেও পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন (ছাত্র ৬৬,২২৩ জন এবং ছাত্রী ৬৬,৭১৭ জন)। পরীক্ষা চলাকালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কৃত হয় ১৫ জন পরীক্ষার্থী। অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে মোট উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৯৭ জন (ছাত্র ৩৯,৬৩৪ জন এবং ছাত্রী ৪৮,৪৬৩ জন)।
পাসের হার ও জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই এগিয়ে মেয়েরা
ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, পাসের হার ও মেধার সর্বোচ্চ অর্জন জিপিএ-৫—উভয় সূচকেই ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা। এবার যশোর বোর্ডে মেয়েদের পাসের হার ৭২.৬৪ শতাংশ, বিপরীতে ছেলেদের পাসের হার ৫৯.৮৫ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তিতেও মেধার স্বাক্ষর রেখেছে মেয়েরা। বোর্ডের মোট ১১ হাজার ৪৭৮ জন জিপিএ-৫ প্রাপ্তির মধ্যে ৬ হাজার ৩৫১ জন ছাত্রী এবং ৫ হাজার ১২৭ জন ছাত্র।
মানবিকে ছেলেদের পাসের হার হতাশজনক
বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে সবচেয়ে ভালো ফলাফল হয়েছে। এই বিভাগে সার্বিক পাসের হার ৮৬.৮৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৬ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭০.৮৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়ে ৩৭১ জন।
তবে মানবিক বিভাগের ফলাফল চিন্তার ভাঁজ ফেলেছে সংশ্লিষ্টদের কপালে। মানবিকে ছেলেদের পাসের হার খুবই হতাশজনক—মাত্র ৪৬.৫৮ শতাংশ। মানবিক বিভাগে মেয়েদের পাসের হার ৬৪.১৯ শতাংশ হওয়ায় এই বিভাগে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫৫.৪৪ শতাংশে। মানবিকে মোট ৯৭১ জন জিপিএ-৫ পেয়েছে (ছাত্র ১৭৯, ছাত্রী ৭৯২)।
পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট
প্রকাশিত ফলাফলে কোনো প্রকার ভুল বা অসংগতি পরিলক্ষিত হলে তা সংশোধনের পূর্ণ ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ফলাফলে সংক্ষুব্ধ বা অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামীকাল ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত মোট ৭ দিন ফলাফল পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) জন্য আবেদন করতে পারবে।