নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
যশোর শিক্ষা বোর্ডে সোমবার এইচএসসি পরীক্ষার পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন ৩টি বিষয়ে রেকর্ড ২ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ২ জনকে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলার ২৪০টি কেন্দ্রে উল্লিখিত ৩টি বিষয়ে মোট পরীক্ষার্থী ছিল ৭৬ হাজার ৫৯ জন। এর মধ্যে ৭৩ হাজার ৫৩৬ জন পরীক্ষায় অংশ নেয়। সে হিসাবে এদিন অনুপস্থিতির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৩২ শতাংশ।
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সোমবার ঝিনাইদহ জেলার ঝিনাইদহ-৩৩১ নম্বর কেন্দ্রে দুই জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের রোল নম্বর ৫০৬৮০৪ ও ৫০৬৮০৬।
বোর্ডের ১০ জেলার মধ্যে মেহেরপুরে অনুপস্থিতির হার ছিল সবচেয়ে বেশি—৫ দশমিক ৯০ শতাংশ (১৬৩ জন)। আর সবচেয়ে কম অনুপস্থিতির হার ছিল যশোর জেলায়—২ দশমিক ৫৩ শতাংশ (৩০৭ জন)।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।