❒ যশোরে নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক
নিবার (২৭ জুন) বিকেলে শহরের রবীন্দ্রনাথ সড়কস্থ আর এন ক্রীড়াচক্র মিলনায়তনে 'নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট'-এর ২০২৬ সালের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক নার্গিস বেগম। ছবি: ধ্রুব নিউজ
যশোর এক সময় সন্ত্রাসের রাজত্ব থাকলেও এটি মূলত একটি সাহিত্য ও সংস্কৃতিমনা শহর। এই সমাজকে ইতিবাচক ধারায় পাল্টাতে হবে এবং তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে, যাতে তারা বিপথগামী না হয়। উঠতি বয়সী ছেলে-মেয়েদের হাতে ভালো কিছু তুলে দিতে না পারলে তারা ভুল পথে পা বাড়াবে ও অকাজ করবে।
শনিবার (২৭ জুন) বিকেলে শহরের রবীন্দ্রনাথ সড়কস্থ আর এন ক্রীড়াচক্র মিলনায়তনে 'নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট'-এর ২০২৬ সালের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক নার্গিস বেগম এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের জন্মের ইতিহাস আপনারা শুনেছেন। নান্নু চৌধুরী অবিবাহিত ছিলেন এবং মৃত্যুর আগে তাঁর সমস্ত সম্পত্তি যথাযথ মানুষের হাতে অর্পণ করে গেছেন। ট্রাস্টের দায়িত্বপ্রাপ্তরা অত্যন্ত নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করছেন। এই ছোট ছোট উদ্যোগগুলোই একদিন সমাজকে পাল্টে দিতে পারে। অর্থের পরিমাণ সামান্য হতে পারে, তবে এর মাধ্যমে এখানকার বৃত্তবানরা সমাজে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন।
নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমি আমার সাধারণ জীবনে সবসময় শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা ও দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমরা এই আর এন রোডেই যশোর কলেজ ও সন্দীপন স্কুল প্রতিষ্ঠা করেছি। এছাড়া এই অঞ্চলে ১১টি বেসরকারি কলেজ প্রতিষ্ঠার পেছনে আমাদের অবদান রয়েছে। একা কখনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়, সামাজিক বন্ধনের মাধ্যমেই কেবল সমাজ পরিবর্তন করা সম্ভব।
অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর (এমএ) শ্রেণীর মোট ৬৮ জন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ বছর শিক্ষার্থীদের শ্রেণীভেদে জনপ্রতি ৩ হাজার থেকে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৪৮ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়েছে।
ট্রাস্টের সদস্য সচিব অ্যাডভোকেট শহীদ আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ও বিশেষ আলোচনা করেন ট্রাস্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। তিনি বলেন, প্রতিষ্ঠাতা নান্নু চৌধুরী জীবিত থাকা অবস্থাতেই এই ট্রাস্ট গঠন করেছিলেন এবং সেই থেকে ২০০১ সাল থেকে আমরা নিয়মিতভাবে এই শিক্ষাবৃত্তি প্রদান করে আসছি। তবে অত্যন্ত দুঃখের বিষয়, এ বছর ইসলামী ব্যাংকের কিছু প্রাতিষ্ঠানিক অসুবিধার কারণে আমরা প্রত্যাশার চেয়ে কম সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করতে পেরেছি।
শিক্ষাবৃত্তি কমিটির আহ্বায়ক কাজী আব্দুল বাসেদ বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন ট্রাস্টের সদস্য চৌধুরী মাহমুদ রেজা ও ট্রাস্টের সদস্য গোলাম ফারুক লিটন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এন ক্রীড়াচক্রের সভাপতি মোস্তফা গোলাম কাদের এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক খান মোহাম্মদ শফিক রতন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নান্নু চৌধুরীর এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের অন্য বিত্তবানদেরও শিক্ষার আলো ছড়াতে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।