নিজস্ব প্রতিবেদক
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট সভাকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ অনুষ্ঠিত এইচএসসি ও আলিম পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষা গ্রহণে কেন্দ্র সচিবদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেছেন, পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা, দায়িত্বহীনতা বা অনিয়ম মেনে নেওয়া হবে না। কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকদের দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট সভাকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ অনুষ্ঠিত এইচএসসি ও আলিম পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, পাবলিক পরীক্ষা একটি জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রম। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। প্রশ্নফাঁস, নকল বা অসদুপায় অবলম্বনের কোনো সুযোগ নেই। কোনো শিক্ষার্থী কিংবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি কেন্দ্র সচিবদের উদ্দেশে আরও বলেন, পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে হবে। কেন্দ্রের নিরাপত্তা, আসন বিন্যাস, প্রশ্নপত্র গ্রহণ ও সংরক্ষণ, উত্তরপত্র বিতরণ এবং পরীক্ষা শেষে যথাযথভাবে খাতা প্রেরণসহ প্রতিটি বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া পরীক্ষাকেন্দ্রের আশপাশে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্র নিয়মিতভাবে মনিটরিং করা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
সভায় জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, ডা. আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, উপশহর মহিলা কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান পান্নু, যশোর কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন, ঝিকরগাছার গঙ্গানন্দপুর কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাসসহ জেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার ৯৮ জন কেন্দ্র সচিব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে যশোর জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।