নিজস্ব প্রতিবেদক
যশোর কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ছবি: ধ্রুব নিউজ
‘নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার (৮ এপ্রিল) সকালে যশোর জেলা রোভারের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।
সকালে যশোর কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্কাউটস সদস্যরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে যশোর কালেক্টরেট চত্বর ও পৌরসভা এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও রোভার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালিতে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনার উপাধ্যক্ষ মকবুল হোসেন, জেলা স্কাউটসের সেক্রেটারি রবিউল ইসলাম, প্রবীণ স্কাউটার আব্দুর রহমানসহ বিভিন্ন কলেজের আরএসএলবৃন্দ।
র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান চলাকালে বক্তারা বলেন, স্কাউটিং শুধু একটি আন্দোলন নয়, এটি দেশপ্রেম ও সেবার মহান ব্রত। পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে স্কাউট সদস্যরা সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। দিবসটি ঘিরে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।