নিজস্ব প্রতিবেদক
যবিপ্রবি ক্যাম্পাস ছবি: সংগৃহীত
চাকরিতে শিক্ষাগত যোগ্যতার জাল সনদ ব্যবহারের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৫ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রথমে কোতোয়ালি থানায় অভিযোগ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আহসান হাবীব। অথচ দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে এখন সেই অভিযোগকারীই অভিযুক্ত হিসেবে উঠে এসেছেন। তদন্তে দেখা গেছে, বর্তমান রেজিস্ট্রার মো. আহসান হাবীব ও সাবেক রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ ওই ৫ কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত যোগ্যতার সনদ কোনো প্রকার যাচাই-বাছাই না করেই তাদের নিয়োগে সহায়তা করেছিলেন। লাভবান হওয়ার উদ্দেশ্যে তারা যথাযথ দায়িত্ব পালন করেননি বলে তদন্তে প্রমাণিত হয়েছে।
দুদক সূত্র জানায়, তদন্তে অসততার তথ্য উঠে আসায় বর্তমান রেজিস্ট্রার মো. আহসান হাবীব ও সাবেক রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফসহ ওই ৫ কর্মকর্তা-কর্মচারীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছেন দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী। গত ১৬ নভেম্বর তিনি এই ৭ জনকে অভিযুক্ত করে সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতে এই চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে অভিযুক্ত অপর ৫ জন হলেন—যবিপ্রবির বরখাস্ত হওয়া সেকশন অফিসার (গ্রেড-২) ও যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের বাসিন্দা মোছা. হাসনা হেনা, বরখাস্ত হওয়া সেকশন অফিসার (গ্রেড-২) ও চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের বাসিন্দা সাকিব ইসলাম, বরখাস্ত হওয়া টেকনিক্যাল অফিসার ও সদর উপজেলার শ্যামনগর গ্রামের বাসিন্দা মো. জাহিদ হাসান, বরখাস্ত হওয়া সেকশন অফিসার (গ্রেড-১) ও চৌগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম এবং বরখাস্ত হওয়া অফিস সহকারী ও সদর উপজেলার বিরামপুর গ্রামের বাসিন্দা মো. সুমন হোসেন।
মামলা ও দুদক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ ডিসেম্বর যবিপ্রবির রেজিস্ট্রার মো. আহসান হাবীব বাদী হয়ে জাল সনদে চাকরি গ্রহণের অভিযোগে উল্লিখিত ৫ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি এজাহার দাখিল করেন। কিন্তু তারা সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং এ ধরনের অভিযোগ দুদকের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় থানা পুলিশ সেটি জিডি হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরে প্রেরণ করে। এরপর প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি দুদকের উপ-সহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী বাদী হয়ে যবিপ্রবির উল্লিখিত ৫ কর্মকর্তা-কর্মচারীকে আসামি করে মামলা করেন। একই দপ্তর থেকে উপ-সহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগীকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মামলার তথ্য অনুযায়ী, আসামি হাসনা হেনা যবিপ্রবিতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়ে পরবর্তীতে সেকশন অফিসার (গ্রেড-০২) পদে পদোন্নতি পান। চাকরি করা অবস্থায় হাসনা হেনার দাখিল করা বিএ (অনার্স) পাসের সাময়িক সনদ যাচাই-বাছাইকালে জাতীয় বিশ্ববিদ্যালয় তা জাল বলে মতামত প্রদান করে।
আসামি সাকিব ইসলাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগ দিয়ে পরবর্তীতে সেকশন অফিসার (গ্রেড-০২) পদে পদোন্নতি পান। কিন্তু তার চাকরির আবেদনের সাথে দাখিল করা বি.কম (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র জাতীয় বিশ্ববিদ্যালয় জাল বলে মতামত দেয়।
আসামি মো. জাহিদ হাসান ডেমোনস্ট্রেটর পদে নিয়োগ পেয়ে পরবর্তীতে টেকনিক্যাল অফিসার পদে পদোন্নতি পান। তার চাকরির আবেদনপত্রের সাথে দাখিল করা বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্রও জাল বলে মতামত প্রদান করে জাতীয় বিশ্ববিদ্যালয়।
আসামি মো. জাহাঙ্গীর আলম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়ে পরবর্তীতে সেকশন অফিসার (গ্রেড-০১) পদে পদোন্নতি পান। তার চাকরির আবেদনপত্রের সাথে দাখিল করা বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র জাতীয় বিশ্ববিদ্যালয় জাল বলে মতামত দেয়।
আসামি মো. সুমন হোসেন এম.এল.এস.এস পদে নিয়োগ পেয়ে পরবর্তীতে অফিস সহকারী (আপগ্রেডেড) পদে পদোন্নতি পান। তারও চাকরির আবেদনপত্রের সাথে দাখিল করা এসএসসি পরীক্ষা পাসের সনদ সঠিক নয় বলে মতামত দেয় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।
দুদক সূত্র আরও জানায়, উল্লিখিত ৫ কর্মকর্তা-কর্মচারীর দাখিল করা শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র যাচাই-বাছাই করার দায়িত্ব ছিল বর্তমান রেজিস্ট্রার ও তৎকালীন কর্মরত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফের। কিন্তু তারা লাভবান হওয়ার উদ্দেশ্যে তা যাচাই-বাছাই করেননি। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও যশোর শিক্ষা বোর্ড যাচাই-বাছাইকালে কর্মকর্তা-কর্মচারীদের দাখিল করা সাময়িক সনদপত্র ও নম্বরপত্র জাল বলে মতামত দেন। এ বিষয়টি ধরা পড়ার পরই দায় এড়াতে বা আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন রেজিস্ট্রার মো. আহসান হাবীব; যা দুদকের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় জিডি হিসেবে গ্রহণ করেছিল থানা পুলিশ।