বেনাপোল (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
বেনাপোল কাস্টম হাউসে আয়োজিত প্রকাশ্য নিলামে সীমান্ত থেকে জব্দ করা ২৩০ কেজি ইলিশ কিনে নিয়েছে ‘ইউএস এন্টারপ্রাইজ’। চরম প্রতিযোগিতামূলক দরপত্রে সর্বোচ্চ দর হাঁকিয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইউনুস আলী এই নিলাম নিজের নামে চূড়ান্ত করেন।
কাস্টমস সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে বেনাপোল কাস্টম হাউসের শুল্ক গুদাম প্রাঙ্গণে (বিবিধ সাইট) এ প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়। এতে অঞ্চলের বেশ কয়েকজন অভিজ্ঞ ব্যবসায়ী অংশ নেন। পরে জমা পড়া দরপত্র যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইউএস এন্টারপ্রাইজকে বিজয়ী ঘোষণা করা হয়।
এর আগে কাস্টম হাউসের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ব্যাগেজ ও সীমান্ত অভিযানে বাজেয়াপ্ত হওয়া ২৩০ কেজি চাইল্ড হিলসা বিক্রির আনুষ্ঠানিক নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে নির্ধারিত শর্তাবলি পূরণ ও বৈধ কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে ব্যবসায়ীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
কাস্টমস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সরকারি সব বিধি-বিধান কঠোরভাবে মেনে সম্পূর্ণ স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়ায় নিলাম কার্যক্রম পরিচালনা করা হয়েছে। স্বচ্ছতা বজায় রেখেই সর্বোচ্চ দরদাতার কাছে জব্দকৃত ইলিশ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।