বেনাপোল প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
বিশ্ব বাণিজ্যের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে বেনাপোলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। “অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার বেনাপোল কাস্টমস হাউসের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ। তিনি বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর কাস্টমস ব্যবস্থাপনা ছাড়া নিরাপদ ও গতিশীল বৈশ্বিক বাণিজ্য সম্ভব নয়। কাস্টমস কর্মকর্তাদের সততা, পেশাদারত্ব ও দায়বদ্ধতা জাতীয় অর্থনীতি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ অতিথির বক্তব্যে যশোর কর অঞ্চলের কর কমিশনার মাসুদ রানা এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার আবদুল হাকিম কাস্টমস কার্যক্রমে ডিজিটালাইজেশন ও অটোমেশনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টম হাউস বেনাপোলের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান। তিনি বলেন, দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কাস্টমস কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজস্ব আহরণের পাশাপাশি চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ রোধেও কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উল্লেখ্য, ১৯৫৩ সালের ২৬ জানুয়ারি ব্রাসেলসে কাস্টমস কো-অপারেশন কাউন্সিলের প্রথম অধিবেশনের স্মরণে ১৯৮৩ সাল থেকে এই দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। বর্তমানে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও)-এর ১৮০টিরও বেশি সদস্য দেশ বিশ্বের প্রায় ৯৮ শতাংশ বাণিজ্য পরিচালনা করছে।