বেনাপোল (শার্শা) প্রতিনিধি
বেনাপোল (যশোর): দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের পাথর উত্তোলন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ভারত থেকে আরও ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে ৮টি ট্রাকের একটি চালানে এই বিস্ফোরকগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।
বন্দর সূত্রে জানা গেছে, সরকারি প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের নিজস্ব খনন কাজের প্রয়োজনে এই পণ্যগুলো আমদানি করা হয়েছে। ভারতের শ্রীপুরার 'সুপার শিবা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড' থেকে এই বিস্ফোরক সরবরাহ করা হয়েছে।
বিস্ফোরক পণ্যগুলো অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় বন্দর কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। পণ্যবাহী ট্রাকগুলো বেনাপোল বন্দরের কার্গো ইয়ার্ডে বিশেষ নিরাপত্তায় রাখা হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশের কড়া পাহারায় (স্কট) এই চালনটি দিনাজপুরের মধ্যপাড়া খনি প্রকল্পের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে।
পণ্য খালাসের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স নাজমুল অ্যান্ড ব্রাদার্স জানায়, খনির উন্নয়ন ও পাথর ভাঙার কাজে নিয়মিত এই ধরনের বিস্ফোরক দ্রব্য বৈধ উপায়ে আমদানি করা হয়। আমদানির সকল নথিপত্র এবং নিরাপত্তা বিধিমালা মেনেই এই চালানটি বাংলাদেশে আনা হয়েছে।
যথাযথ শুল্কায়ন প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে পণ্যগুলো খনি প্রকল্পে পৌঁছে দিতে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করছে।