❒ শহীদ হাবিবুল্লাহ ও শহীদ কামরুল
নজরুল ইসলাম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ছাত্ররাজনীতির ইতিহাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাস ও বর্বরতার অসংখ্য নজির রয়েছে। তবে ২০১৫ সালের ২৩ নভেম্বর যশোর সরকারি এমএম কলেজে যা ঘটেছিল, তা নিষ্ঠুরতার সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। দুপুরের ভাতের থালা থেকে মেধাবী শিক্ষার্থীদের তুলে নিয়ে হলের টর্চার সেলে পিটিয়ে হত্যা করার মতো নৃশংস উদাহরণ কেবল ছাত্রলীগেরই রয়েছে।
সেদিন ঘড়ির কাঁটায় তখন দুপুর ২টা। কলেজের অদূরে ‘আশিক ছাত্রাবাসে’ দুপুরের খাবার খাচ্ছিলেন অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ হোসাইন ও আলী রেজা রাজু। মুখের গ্রাস মুখে থাকা অবস্থাতেই সেখানে হানা দেয় ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা। নুর ইসলাম, ছালছাবিল আহমেদ জিসান, তৌহিদ, আরিফুল ইসলাম রিয়াদ, রাশেদ খান ও শাহজামালের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের ভাতের পাত থেকে ছোঁ মেরে তুলে নেয়। একইভাবে ‘নির্ঝর’ ছাত্রাবাস থেকে ধরে আনা হয় আরও দুই মেধাবী শিক্ষার্থী কামরুল হাসান ও আব্দুল্লাহ আল-মামুনকে।
শত শত শিক্ষার্থীর চোখের সামনে দিয়ে এই তরুণদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় শহীদ আসাদ হলের কুখ্যাত ২০১ নম্বর কক্ষে, যা সবার কাছে ‘টর্চার সেল’ হিসেবে পরিচিত ছিল। সেখানে ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, রওশন ইকবাল শাহী, নাহিদুর রহমান, ইয়াসিন মোহাম্মদ কাজল, অন্তর দে শুভ, আহসানুল করিম রহমান, সজিবুর রহমান, মেহেদি হাসান রনি এবং বি এম জাহাঙ্গীর কবীরসহ একদল ক্যাডার দরজা বন্ধ করে শুরু করে মধ্যযুগীয় বর্বরতা। লোহার রড, হাতুড়ি ও হকিস্টিকের ক্রমাগত আঘাতে থেঁতলে দেওয়া হয় চারটি তাজা প্রাণ।
আলী রেজা রাজু কোনোমতে পালিয়ে প্রাণে বাঁচলেও এবং আব্দুল্লাহ আল-মামুন চিরতরে পঙ্গুত্ব বরণ করলেও, ঘাতকদের হাত থেকে বাঁচতে পারেননি এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী হাবিবুল্লাহ হোসাইন ও কামরুল হাসান। মৃত ভেবে হাবিবুল্লাহকে হলের সামনে ছুড়ে ফেলে রাখা হয়; হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। অন্যদিকে, মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার পর পাটুরিয়া ঘাটে নিভে যায় কামরুল হাসানের জীবনপ্রদীপ। বুয়েটের আবরার ফাহাদকে রাতের আঁধারে হত্যা করা হয়েছিল, কিন্তু তার চার বছর আগেই যশোরে ভরদুপুরে প্রকাশ্যে এই পৈশাচিক হত্যাকাণ্ড ঘটিয়েছিল ছাত্রলীগ।
হত্যাকাণ্ডের পর তৎকালীন প্রশাসনের ভূমিকা ছিল আরও ন্যক্কারজনক। খুনিদের গ্রেপ্তার না করে উল্টো আহত আব্দুল্লাহ আল-মামুনকে নাশকতা মামলায় কারাগারে পাঠানো হয়। নিহতদের পরিবারের অভিযোগ না নিয়ে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করে এবং প্রকাশ্যে ঘুরে বেড়ানো চিহ্নিত সন্ত্রাসীদের বাদ দিয়ে আসামি করা হয় ‘অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের’। ২০১৭ সালে পুলিশ চূড়ান্ত রিপোর্টে জানায়, আসামি শনাক্ত করা সম্ভব হয়নি। বিচার চাইতে গিয়ে হুমকির মুখে দেশ ছাড়তে বাধ্য হন কামরুলের ভাই ইব্রাহিম হোসেন, আর বিচারের আশা ছেড়ে দিয়েছিলেন হাবিবুল্লাহর বাবা ডা. নিয়ামত আলী।
দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও যশোরের বাতাসে আজও সেই দুই তরুণের আর্তনাদ ভাসে। ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর আইনজীবী আলমগীর সিদ্দিকীর মাধ্যমে নিহত হাবিবুল্লাহর বাবা আদালতে নারাজি পিটিশন দাখিল করে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। ভাতের থালা থেকে তুলে নিয়ে পিটিয়ে মারার এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার মাধ্যমেই কেবল ক্যাম্পাসের এই দীর্ঘ বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটানো সম্ভব।