ধ্রুব ডেস্ক
ছবি: প্রতীকী
রাজধানীর উপকণ্ঠে কেরাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির এক নেতা আততায়ীর গুলিতে আহত হয়েছেন। নির্বাচনি প্রচার শুরুর প্রথম দিনে এ ঘটনা ঘটলো।
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হযরতপুর ইউনিয়ন বিএনপির ওই নেতা হাসান মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে তাকে গুলি করা হয়। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি এম সাইফুল আলম বলেন, একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দী এলাকায় তাকে গুলি করে আততায়ীরা পালিয়ে যায় । তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
রাত পৌনে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ হাসান মোল্লা ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গুলি তার পেটের ডান পাশে বিদ্ধ হয়েছে।
আহতের ভাই রাকিব হোসেন বলেন, তার ভাই ওই এলাকার একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
অজ্ঞাত সন্ত্রসীরা মোটরসাইকেলে এসে ওনাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।