ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরের খড়কি হাজামপাড়ায় বোমার বিস্ফোরণ ঘটানোর মামলার এজাহারভুক্ত আসামি লাদেনকে (২৩) আটক করেছে কোতোয়ালী মডেল থানা-পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে খড়কি হাজামপাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটক লাদেন ওই এলাকার চান্দালী ওরফে চাঁদ আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৪ অক্টোবর রাতে সন্ত্রাসীরা খড়কি হাজামপাড়ার বিএনপি কার্যালয় সংলগ্ন এলাকায় এক বাসিন্দার বাড়ির সামনে বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ৫ অক্টোবর খড়কি দক্ষিণপাড়ার বাসিন্দা ওহিদুল ইসলাম সোহেল বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন—একই এলাকার সানি, সাকিব ও তৌফিক।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা অভিযানে এজাহারভুক্ত ১ নম্বর আসামি লাদেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হলে, বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড শুনানির দিন পরবর্তীতে ধার্য করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।