নিজস্ব প্রতিবেদক
যশোর রেলস্টেশনে প্রকাশ্যে মাদক সেবনকালে ৮ গ্রাম গাঁজা ও কল্কেসহ আটক আব্দুর রহিম (৪৬) নামে এক মাদকসেবীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৩ সেপ্টেম্বর) যশোরের সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক ও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত আব্দুর রহিম যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার মৃত হরমুজ আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর সকাল সোয়া ৬টার দিকে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই লিটন মিয়া যশোর রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে মাদক সেবনরত অবস্থায় আব্দুর রহিমকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৮ গ্রাম গাঁজা ও একটি কল্কে উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত প্রতিবেদনসহ আসামিকে আদালতে সোপর্দ করে। শুনানিতে আসামি নিজের দোষ স্বীকার করায় বিচারক তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।