ধ্রুব ডেস্ক
রাতের বেলায় হট্টগোল করে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যশোরে দুই যুবককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আছাদুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো—যশোর শহরের কাজীপাড়া মানিকতলা এলাকার আতিয়ার রহমানের ছেলে আশানুর (৩০) এবং কাজীপাড়া কলাতলা এলাকার শেখের ছেলে জুয়েল শেখ (২৮)।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের পালবাড়ি মোড় এলাকায় প্রকাশ্যে চিল্লাচিল্লি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন জুয়েল ও আশানুর। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে। পরে গভীর রাতে জনপরিসরে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই শাহিনুর রহমান ঘটনার সত্যতা পেয়ে আটক দুজনকে অভিযুক্ত করে বুধবার আদালতে প্রতিবেদন সোপর্দ করেন।
অভিযোগের শুনানি শেষে বিচারিক আদালত এক দিনেই বিচারকাজ সম্পন্ন করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর পরই দণ্ডপ্রাপ্তদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।