বেনাপোল প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শায় ঘরের ভেতর থেকে বাবা ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চটকাপোতা (দক্ষিণপাড়া) গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—সাব্বির (৫) ও জাবির (৩)। তাদের পিতা কামাল উদ্দিন (৪৫) পেশায় ভ্যানচালক এবং একই গ্রামের মৃত নেদন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক নানা বিরোধের জেরে প্রায় এক সপ্তাহ আগে কামাল উদ্দিনের তৃতীয় স্ত্রী দুই সন্তানকে বাড়িতে রেখে বাবার বাড়ি নড়াইলে চলে যান। মঙ্গলবার স্থানীয়রা বাড়িতে দুই শিশুর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। একই সঙ্গে কামাল উদ্দিনের দেহও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়, যা পরবর্তীতে তারও মৃত্যু হয়।
এলাকাবাসীর ধারণা, পারিবারিক টানাপোড়েন ও চরম মানসিক অবসাদ থেকেই এই অনাকাঙ্ক্ষিত বিষাদময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে কীভাবে এবং ঠিক কী কারণে ঘটনাটি ঘটলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা আরও জানান, কামাল উদ্দিনের একাধিক স্ত্রী ও মোট সাতটি সন্তান রয়েছে।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলেই মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার মূল রহস্য উন্মোচিত হবে।
এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।