Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না, পুলিশের জালে সর্দারসহ ৩ ডাকাত

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ)
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ১০:০১ পিএম
গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না, পুলিশের জালে সর্দারসহ ৩ ডাকাত

আটক ডাকাত দল ছবি: ধ্রুব নিউজ

গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না আন্তঃবিভাগীয় ডাকাত দলের। সড়কে গাছ ফেলে ডাকাতি ও ব্যাংক ম্যানেজারকে কুপিয়ে জখমের ঘটনায় সর্দারসহ গ্রেপ্তার হয়েছে তিন সদস্য। তিন জেলায় ঝিনাইদহ পুলিশের টানা অভিযানে জালে ওঠে তারা; উদ্ধার হয়েছে লুণ্ঠিত নগদ টাকা ও মোবাইল ফোন।

ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশের একটি যৌথ দল কুষ্টিয়া, রাজবাড়ী ও চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— কুষ্টিয়ার সুরত আলী ওরফে সুরত ডাকাত, রাজবাড়ীর আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার আলতাফ ওরফে আলতাফ ডাকাত এবং চুয়াডাঙ্গার স্থানীয় ডাকাত এজেন্ট আরিফুল।

পুলিশ সূত্র জানায়, গত ৯ জুলাই রাতে কোটচাঁদপুর থানাধীন সাফদারপুর-কোটচাঁদপুর সড়কের কুশোকুড়ী মাঠ এলাকায় পাকা রাস্তার ওপর খেজুর গাছ ফেলে ব্যারিকেড দেয় একদল মুখোশধারী ডাকাত। তারা ওই সড়ক দিয়ে যাতায়াতকারী মোটরসাইকেল আরোহী ও ট্রাক চালকদের গতিরোধ করে হামলা চালায় এবং নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়।

ডাকাতির সময় বাধা দিলে মুখোশধারী ডাকাত দল গ্রামীণ ব্যাংক মুজিবনগর শাখার ম্যানেজার জহুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে পুলিশের টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই ঝিনাইদহের পুলিশ সুপার পিপিএম, জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে ছায়া তদন্তের নির্দেশ দেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকা থেকে সুরত আলীকে লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজবাড়ীর পাংশা থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার আলতাফকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষে আজ (২৩ জুলাই) চুয়াডাঙ্গা সদর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের স্থানীয় এজেন্ট আরিফুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃত সুরত আলী ও আলতাফকে আদালতে সোপর্দ করা হলে তাঁরা বিজ্ঞ বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদিকে, এজেন্ট আরিফুলকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।

ঝিনাইদহ জেলা পুলিশ জানিয়েছে, এই ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)