নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার মিরপুর ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সেন্টার থেকে ১২ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহীদ শেখ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার (২০ জুন) দিবাগত গভীর রাতে শহরের চাঁচড়া ডালমিল পীর সাহেবের গলির ভাড়াবাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক শহীদ শেখ ওই এলাকার ইদ্রিসের বাড়ির ভাড়াটিয়া শফিকুল শেখের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১১ এপ্রিল বিকেল ৫টা থেকে ১৯ এপ্রিল সকাল পৌনে ৯টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা চাঁচড়া ডালমিল এলাকায় অবস্থিত মিরপুর ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সেন্টারের দুটি গোডাউন ও তৃতীয় তলার ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর চোরেরা ভেতর থেকে ২৫টি কম্পিউটারের সিপিইউ, একটি ল্যাপটপ, একটি এসি, একটি আইপিএস, ৩টি সিসি ক্যামেরা, একটি ডিভিআর মেশিন, ফ্রিজের যন্ত্রাংশ, ১৮টি সিলিং ফ্যান, বিভিন্ন সাইজের থাই অ্যালুমিনিয়াম ও বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স সামগ্রীসহ ১২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
এ ছাড়া গত ১৯ জুন আবারও ওই প্রতিষ্ঠান ভবনের ভেন্টিলেটর ভেঙে সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটে। পুলিশের তদন্তে এই চুরির ঘটনার সাথে আটক শহীদ শেখের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। যার প্রেক্ষিতে ২০ জুন রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা আটক শহীদ শেখ প্রাথমিকভাবে স্বীকার করেছেন। আজ রোববার (২১ জুন) আটক আসামি শহীদ শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।