নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোর সদরের আব্দুলপুর রেলক্রসিংয়ের কাছে মাহবুব হোসেন নামে এক বৃদ্ধ চালকের কাছ থেকে ইজিবাইক ও টাকা ছিনিয়ে নেওয়ার মামলায় ৬ জনকে আটক করেছে জেলা ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ। শুক্রবার (১৯ জুন) গভীর রাতে ঝিনাইদহের হামদহ বাসস্ট্যান্ড এলাকার একটি মাইক্রোবাসের গ্যারেজ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আটকরা হলেন— ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গালিমপুর গ্রামের মাসুদুর রহমান, মুনছের আলী মণ্ডলের ছেলে তোফাজ্জেল হোসেন তোফা, মৃত সিদ্দিক হোসেনের ছেলে মোবারক হোসেন, সোলেমানপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মোক্তার হোসেন, মহেশপুরের বজরাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আলমগীর হোসেন এবং জীবননগর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শাকিল হোসেন।
ডিবি পুলিশের এসআই (উপপরিদর্শক) কামরুজ্জামান জানান, যশোরের চৌগাছার পুড়োপাড়া বাজারের বাসিন্দা মাহবুব হোসেন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ৬ জুন তিনি যাত্রী নিয়ে যশোর শহরের পালবাড়ির মোড়ে আসেন। রাত ১০টার দিকে তিনি যাত্রী নিয়ে আবার চৌগাছায় রওনা দেন। পথিমধ্যে আব্দুল্লাহপুর গ্রামের রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ইজিবাইকের গতিরোধ করে। পরে তাকে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে ১ হাজার ২০০ টাকা, মোবাইল ফোন ও ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ইজিবাইক চালক মাহবুব হোসেন কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
মামলা তদন্তকালে প্রধান আসামি মাসুদুর রহমানের অবস্থান শনাক্ত করে ঝিনাইদহের হামদহ বাসস্ট্যান্ড এলাকার একটি গ্যারেজের সামনে থেকে প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-গ-২২-৫১৪২) তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে বাকিদের আটক এবং আরও একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৯-৮৩৯৫) জব্দ করা হয়।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আসামিরা বিভিন্ন সময় ছিনতাইয়ের কাজে ওই প্রাইভেটকারগুলো ব্যবহার করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। আজ শনিবার আটক ৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।