ধ্রুব ডেস্ক
ছবি: ফাইল
১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)সিলিন্ডারের দাম এক ধাক্কায় বাড়লো ৩৮৭ টাকা। এর আগে একবারেই এত দাম কখনো বাড়েনি। মার্চ মাসেও যে গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। এপ্রিলে তার দাম বেড়ে হয়েছে ১ হাজার ৭২৮ টাকা। অর্থাৎ ১২ কেজিতে দাম বেড়েছে ৩৮৭ টাকা। প্রতি কেজিতে বেড়েছে ৩২ টাকা ৩০ পয়সা। সাম্প্রতিককালে মধ্যে সবচেয়ে বেশি দাম বাড়ল রান্নার কাজে ব্যবহৃত এই গ্যাসের দাম।নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ড. সৈয়দা সুলতানা রাজিয়া, মো. আব্দুর রাজ্জাক, মো. মিজানুর রহমান এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শাহিদ সারওয়ার।
এর আগে ফেব্রুয়ারির শুরুতে ১২ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৫৬ টাকা। এরপর এলপিজির আমদানি শুল্ক কমানোর পর ২৪ ফেব্রুয়ারি দাম সমন্বয় করে ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা করা হয়।
বিইআরসি বলছে, বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম ১৪৪ টাকা ৪ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।
সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে। অভিযোগ আছে, প্রতি সিলিন্ডারে ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দাম নিতেন এলপিজি বিক্রেতারােএখন আরও ৩৭৮ টাকা অফিসিয়ালি বৃদ্ধি করায় এই গ্যাস সিলিন্ডার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে বলে আফসোস একাধিক গ্যাসব্যবহারকারীর।
এদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ৬১ টাকা ৮৩ পয়সা।
ধ্রুব/টিএম