নিজস্ব প্রতিবেদক
আটক কিশোর গ্যাং সদস্য আরাফাত ইসলাম রাজিব ওরফে অন্তর, ইমন হোসেন ও শাহনাম সিদ্দিক লাবিব এবং তাদের কাছ থেকে উদ্ধারকৃত চাইনিজ কুড়াল ও দুটি পালসার মোটরসাকেল। ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরের শংকরপুরের কিশোর গ্যাং অনি গ্রুপের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শহরের আলাদা স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ১টি চাইনিজ কুড়াল ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে, শংকরপুর মেডিকেল কলেজ পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে আরাফাত ইসলাম রাজিব ওরফে অন্তর, শংকরপুর বটতলা মসজিদ এলাকার মিজানুর রহমানের ছেলে ইমন হোসেন ও খোলাডাঙ্গা সার গোডাউন এলাকার আলমগীর সিদ্দিকীর ছেলে শাহনাম সিদ্দিক লাবিব ।
কোতয়ালি থানা পুলিশের এসআই আনিছুর রহমান খান জানান, গত মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা শহরের রেলস্টেশন এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে অনি গ্রুপের সদস্য অন্তরকে আটক করেন। আটক অন্তর শংকরপুর মেডিকেল কলেজ পাড়ার ওয়াদুদ মিয়ার বাড়ি লুট মামলার এজাহারভুক্ত আসামি। গত ২৪ মার্চ রাতে চাঁদার টাকা না পেয়ে বাহিনী প্রধান অনিসহ তার সহযোগীরা ওয়াদুদ মিয়ার বাড়িতে হামলা চালিয়েছিলো। এ সময় তারা ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, টিভি, মোটরসাইকেলসহ জরুরি কাগজপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওয়াদুদ মিয়ার স্ত্রী লাকি বেগম সন্ত্রাসী অনি ও অন্তরসহ ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করে থানায় মামলা করেছিলেন।
তিনি বলেন, এছাড়া গত মঙ্গলবার রাতে শংকরপুর বিদ্যুৎ অফিসের পেছনের রাস্তায় অভিযান চালিয়ে সন্ত্রাসী অনি গ্রুপের আরো দুই সহযোগী ইমন ও লাবিবকে তারা আটক করেন। সেখানে অনিসহ আরো কয়েকজন সন্ত্রাসী ছিলো। পুলিশ দেখে অনিসহ অন্যরা পালিয়ে গেলেও তারা ইমন ও লাবিবকে আটক করতে সক্ষম হন। এ সময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল এবং পলাতক অন্য সন্ত্রাসীদের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ধ্রুব/এস.আই