যশোর শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ১৪ মামলার আসামি তৃষা আক্তার প্রিয়াকে তার এক সহযোগীসহ আবারও আটক করেছে পুলিশ। প্রিয়া শহরের চিহ্নিত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার স্ত্রী। আটকের সময় তাদের কাছ থেকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪২০ টাকা উদ্ধার করা হয়।
আটক তৃষা আক্তার প্রিয়া শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা। তার সহযোগীর নাম রোকেয়া বেগম, যিনি রেল স্টেশন পূর্ব পাড়ার মৃত সুখচানের মেয়ে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় জানান, শুক্রবার (২৭ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রেল বাজার এলাকায় অভিযান চালানো হয়। আনোয়ার এন্টারপ্রাইজ সংলগ্ন গলি থেকে প্রিয়া ও রোকেয়াকে আটক করার পর নারী পুলিশ সদস্য দিয়ে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় প্রিয়ার কাছ থেকে ৫১ পিস এবং রোকেয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, প্রিয়া শহরের দুর্ধর্ষ সন্ত্রাসী ও প্রায় দুই ডজন মামলার আসামি পিচ্চি রাজার দ্বিতীয় স্ত্রী। প্রিয়া নিজেও একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মাত্র এক মাস আগেই পুরাতন কসবা ফাঁড়ির পুলিশ তাকে মাদক ও নগদ প্রায় ৫০ হাজার টাকাসহ আটক করেছিল। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৪টি মামলা চলমান রয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।