Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

তিন বছর আগে চুরি হওয়া বাইক উদ্ধারে চলচ্চিত্রের গল্পও হার মানলো

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১ মার্চ,২০২৬, ০৯:৪৫ পিএম
তিন বছর আগে চুরি হওয়া বাইক উদ্ধারে চলচ্চিত্রের গল্পও হার মানলো

তিন বছর পর উদ্ধার বাইক, চোর আটক ছবি: ধ্রুব নিউজ

ভাবুন তো, তিন বছর আগে যে শখের বাইকটি আপনার চোখের সামনে থেকে হারিয়ে গিয়েছিল, হঠাৎ রাস্তার ভিড়ে সেই বাইকটিকেই অন্য কারো হাতে দেখে আপনার কেমন লাগবে? যশোরের ব্যবসায়ী মাহমুদুল ইসলামের সাথে ঠিক এমনটাই ঘটেছে। চলচ্চিত্রের গল্পকেও হার মানালো বাস্তবের এ ঘটনা। তিন বছর আগে হারিয়ে যাওয়া নিজের শখের মোটরসাইকেলটি হঠাৎ চোখের সামনে দেখে চিনে ফেললেন মাহমুদুল। এরপর শুরু হয় রুদ্ধশ্বাস ধাওয়া। অবশেষে স্থানীয়দের সহযোগিতায় চোরচক্রের দুই সদস্যকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

রোববার দুপুরে যশোর শহরের চাঁচড়া মোড় এলাকা থেকে চুরি হওয়া অ্যাপাচি আরটিআর বাইকটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো—বাঘারপাড়ার জোহরপুর গ্রামের নাজমুল ইসলাম ও তেলকুপা গ্রামের পলাশ।

ভুক্তভোগী ব্যবসায়ী মাহমুদুল ইসলাম জানান, তিন বছর আগে রমজান মাসে চাঁচড়া চেকপোস্ট এলাকার একটি মসজিদে জোহরের নামাজ পড়তে গিয়ে তিনি তার বাইকটি হারান। অনেক খোঁজাখুঁজি করে থানায় জিডিও করেছিলেন, কিন্তু বাইকের হদিস মেলেনি।

রোববার দুপুরে হঠাৎ যশোর জিলা স্কুলের সামনে মাহমুদুল ইসলাম দেখতে পান, তার সেই পুরনো মোটরসাইকেলটি অন্য একজন চালিয়ে নিয়ে যাচ্ছে। মুহূর্তেই তিনি নিশ্চিত হন এটিই তার সেই বাইক। তাৎক্ষণিকভাবে তিনি অন্য একটি মোটরসাইকেলে করে ধাওয়া শুরু করেন। প্রায় এক কিলোমিটার ধাওয়া করার পর চাঁচড়া চেকপোস্ট এলাকায় স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটকে ফেলেন তিনি। পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।

যশোর কোতোয়ালি থানার এসআই আলমগীর জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)