নিজস্ব প্রতিবেদক
ছবি: এ আই দিয়ে তৈরি স্কেচ
মাদকের টাকার জন্য জন্মদাতা পিতাকে দফায় দফায় মারপিট ও জখম করার অভিযোগে আসামি আসমাউল আলম জিসানকে আটক করেছে পুলিশ। সোমবার আটক জিসানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সে যশোর শহরতলীর চাঁচড়া চেকপোস্ট এলাকার জাহিদুল আলম জামিলের ছেলে।
মামলার বিবরণী থেকে জানা যায়, জিসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। গত বছরের ২৯ আগস্ট জিসান তার পিতার কাছে ১০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় সে লাঠি দিয়ে পিটিয়ে পিতাকে গুরুতর জখম করে। গত ১৭ ফেব্রুয়ারি পুনরায় ৫০ হাজার টাকা দাবি করে জিসান। টাকা না পেয়ে সে আবারও তার পিতাকে মারপিট করে রক্তাক্ত করে। পরিবারের অন্যরা এগিয়ে এলে সে পিতাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত জাহিদুল ইসলাম জামিলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গত ১৯ ফেব্রুয়ারি তিনি আদালতের শরণাপন্ন হন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে মামলাটি নিয়মিত হওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে জিসানকে আটক করে।