নিজস্ব প্রতিবেদক
যশোরে এক ব্যবসায়ীকে আটকে রেখে মারধর ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে চাঁদাবাজির অভিযোগে বৃষ্টি নামের এক নারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বৃষ্টি চাঁচড়া বাজার এলাকার ফজলুর রহমানের মেয়ে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় সাতক্ষীরা সদরের কেরালকাতা দরবাসা গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান বাদী হয়ে বৃষ্টি ও তার সহযোগী স্বাধীনসহ দুইজনকে আসামি করে মামলা করেছেন। মামলার অপর আসামি স্বাধীন একই এলাকার ভগো মিস্ত্রির ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমানের পূর্বপরিচিত ছিলেন আসামি বৃষ্টি। গত শুক্রবার সকালে মোবাইল ফোনে মিজানুরকে যশোরে আসার জন্য অনুরোধ করেন তিনি। মিজানুর যশোরে পৌঁছালে তাকে স্থানীয় স্বাধীনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাধীনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন মিজানুরকে চাকুর ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।
দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা মিজানুরকে মারধর করে তার কাছে থাকা নগদ ৮ হাজার ৮৮০ টাকা, একটি মোবাইল ফোন ও অ্যাপাচি ব্র্যান্ডের মোটরসাইকেলটি কেড়ে নেয়। এরপর তাকে জোরপূর্বক চাঁচড়া মোড়ে নিয়ে একটি বাসে তুলে দেওয়া হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে কোতোয়ালি থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে বৃষ্টিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় করা মামলায় গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আটক বৃষ্টিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামি স্বাধীনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।