নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি ছবি: সংগৃহীত
যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে নয়ন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিথিলা (১৫) নামে এক কিশোরী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার টালিখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২ নম্বর আজমপুর ইউনিয়নের আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত মিথিলা যশোরের চৌগাছা উপজেলার বাকপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জানা যায়নি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে নয়ন ও মিথিলা মোটরসাইকেলে করে আরাধ্যা রেস্টুরেন্টে যাওয়ার পথে টালিখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি মিথিলা চালাচ্ছিল এবং তার মাথায় হেলমেট ছিল না বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নয়নকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিথিলাকে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।