বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
জামদিয়া ইউনিয়নের বাররা গ্রামের হাজী বাড়িতে আগুন ছবি: ধ্রুব নিউজ
যশোরের বাঘারপাড়ায় ইফতারের আগমুহূর্তে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির গোয়ালঘর ও আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আজ ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), পবিত্র মাহে রমজানের নবম দিনে উপজেলার জামদিয়া ইউনিয়নের বাররা গ্রামের হাজী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মুদি ব্যবসায়ী মুক্তাদির রহমানের শিশু পুত্র তাসকিন আহম্মেদ (০৭) বিকেলে গোয়ালঘরের পাশে খেলা করছিল। খেলার ছলে খড়কুটাতে আগুন জ্বালিয়ে দিলে তা মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই আগুন গোয়ালঘরে থাকা একটি মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে এবং পুরো টিনের চালে ধরে যায়।
আগুন দেখে স্থানীয় জনতা দ্রুত এগিয়ে আসেন এবং পুকুর ও টিউবওয়েলের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিস-এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।