আব্দুর রশীদ, চৌগাছা প্রতিনিধি
১২ রবিউল আউয়াল উপলক্ষে চৌগাছায় ‘কাওয়ালী সন্ধ্যা’,নবীপ্রেম, আধ্যাত্মিকতা ও সুরের আবহে ছবি: আব্দুর রশীদ, চৌগাছা প্রতিনিধি
পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে যশোরের চৌগাছা পৌরসভার পাইলট স্কুলের মাঠে আয়োজন করা হচ্ছে ‘কাওয়ালী সন্ধ্যা’। ইসলামি সংগীতের এ আয়োজনে নবীপ্রেম, আধ্যাত্মিকতা ও সুরের আবহে মুখরিত হবে চৌগাছা।
আয়োজনকে সামনে রেখে চৌগাছা ক্যাডেট মাদ্রাসার ছাত্রছাত্রীরা নিয়মিত অনুশীলন করছেন। কাওয়ালী ও ইসলামি সংগীত পরিবেশনের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে তাঁদের। শিক্ষার্থীদের কণ্ঠে নবীপ্রেমের গান ও মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আয়োজকদের প্রত্যাশা।
আয়োজকেরা জানান, ১২ রবিউল আউয়াল উপলক্ষে ধর্মীয় আবহে একটি সুন্দর ও উপভোগ্য সন্ধ্যা উপহার দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজনকে আরো প্রাণবন্ত করতে থাকছে বিশিষ্ট কণ্ঠ শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান, কাশিদা ব্রান্ড ঢাকা থেকে আগত শিল্পী আহমেদ আতাউল্লাহ-সালমান, শিশুশিল্পী হিসেবে পরিচিত তুরাগ শিল্পীগোষ্ঠী ঢাকার শিল্পী ইবতেসাম আবরার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত যশোরের শিল্পগোষ্ঠী তরঙ্গ এবং চৌগাছার বাতিঘর সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর শিল্পী বৃন্দ।
এই অনুষ্ঠানে ইসলামি সংগীতপ্রেমী বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
চৌগাছার মানুষ এখন অপেক্ষায় রয়েছেন সেই বিশেষ সন্ধ্যার। ভালোবাসা, সুর ও নবীপ্রেমে ‘কাওয়ালী সন্ধ্যা’ হয়ে উঠবে স্মরণীয়—এমন প্রত্যাশাই আয়োজকদের।
দেখা হবে ‘কাওয়ালী সন্ধ্যায়’।