Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মানুষ নাকি দানব? যশোরের মঞ্চে বিজ্ঞানের দর্পণে প্রথম সায়েন্স ফিকশন ‘ফ্রাঙ্কেনস্টাইন’

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৫ মার্চ,২০২৬, ০৩:৪৩ পিএম
মানুষ নাকি দানব? যশোরের মঞ্চে বিজ্ঞানের দর্পণে প্রথম সায়েন্স ফিকশন ‘ফ্রাঙ্কেনস্টাইন’

যশোর: বিজ্ঞানের অহংকার যখন জন্ম দেয় এক দানবের, তখন স্রষ্টার হাতে কী অবশিষ্ট থাকে? মানবিকতা নাকি চরম ধ্বংস? মেরি শেলির সেই কালজয়ী শিহরণ জাগানিয়া আখ্যান দেখা যাবে যশোর শিল্পকলার মঞ্চে। প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সায়েন্স ফিকশন মঞ্চায়ন নিয়ে দর্শকদের স্নায়ু পরীক্ষা নিতে প্রস্তুত নাট্যসংগঠন ‘শব্দ থিয়েটার’।

বিশ্ব নাট্যদিবস উপলক্ষে আগামী ২৭ মার্চ সন্ধ্যা ৭টা ০১ মিনিটে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চায়িত হবে নাটক ‘ফ্রাঙ্কেনস্টাইন’। বিখ্যাত ঔপন্যাসিক মেরি শেলির অমর সৃষ্টি ‘ফ্রাঙ্কেনস্টাইন অর মডার্ন প্রমিথিউস’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন নির্দেশক মাস্উদ জামান।

যশোর তথা দেশের মফস্বল পর্যায়ের নাট্যচর্চার ইতিহাসে এটিই প্রথম কোনো পূর্ণাঙ্গ বিজ্ঞান কল্পকাহিনী ভিত্তিক মঞ্চ প্রযোজনা। এটি শব্দ থিয়েটারের দশম প্রযোজনা। আধুনিক বিজ্ঞানের নৈতিক সংকট এবং অতি আকাঙ্ক্ষার করুণ পরিণতির গল্প নিয়ে সাজানো এই নাটকটি দর্শকদের এক ভিন্নধর্মী অভিজ্ঞতার মুখোমুখি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নাটকটির নাম ভূমিকায় অর্থাৎ ‘দানব’ হিসেবে অভিনয় করছেন নির্দেশক মাস্উদ জামান। ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রিফাত মাহমুদ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা সোহেল রানা (নীল), অভিনেত্রী আদিতা আনজুম (এলিজাবেথ), অভিনেতা মো. তামিম গাজি (উইলিয়াম), অভিনেতা মো. তানভির হাসান (কাঠুরিয়া), অভিনেতা মো. হাসিবুর রহমান (ম্যাজিস্ট্রেট) এবং অভিনেতা আবু দারদা যোবায়ের (ডেলসি)।

নাটকটির কোরিওগ্রাফিতে কাজ করেছেন কোরিওগ্রাফার অসীম দাস, তানভীর হাসান ও তামিম গাজী। মঞ্চ ও আলোক পরিকল্পনায় রয়েছেন পরিকল্পক অরুণ মজুমদার ও আসিফ খান। আবহ সংগীতে নির্দেশক মাস্উদ জামানের সাথে কাজ করেছেন আবহ সংগীতশিল্পী ইব্রাহিম খলিল। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে আছেন সমন্বয়ক সোহেল মাসুদ হাসান টিটো এবং প্রযোজনা অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মোস্তাক আহমেদ পলাশ।

২৭ মার্চ সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে দর্শনীর বিনিময়ে এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। টিকিটের মূল্য মাত্র ১০০ টাকা। শব্দ থিয়েটারের ওয়েবসাইট ছাড়াও যশোর শহরের বেস্ট চয়েজ, হালিম সায়েন্টিফিক, নিউ ঢাকা বস্ত্রালয় ও শিল্পকলা একাডেমি কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)