Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে সংস্কৃতিক নেতৃত্বের মিলনমেলা : ভিন্ন আবহে ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম’

রফিক মন্ডল রফিক মন্ডল
প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০১:২৪ পিএম
আপডেট : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০২:১৪ পিএম
যশোরে সংস্কৃতিক নেতৃত্বের মিলনমেলা : ভিন্ন আবহে ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম’

ছবি: সংগৃহীত

সুস্থ সংস্কৃতির চর্চা শুধু মঞ্চের আলো বা গানের সুরে সীমাবদ্ধ নয়; তা মানুষের চিন্তার দুয়ার খুলে দেয়, রুচিকে শানিত করে এবং সমাজে দায়িত্বশীল মানুষ গড়ে তোলে। সেই ভাবনাকেই সামনে রেখে  প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে বসেছিল সংস্কৃতিকর্মী ও সংগঠকদের মিলনমেলা। দেশীয় সাংস্কৃতিক সংসদ, যশোর অঞ্চলের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই কর্মশালার নাম ছিল ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম-২০২৬’।

এই আয়োজনের বাড়তি গুরুত্ব ছিল প্রধান অতিথির উপস্থিতি। সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার পথিকৃৎদের একজন এবং দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি সাইফুল্লাহ মানসুরের মতো অভিজ্ঞ মানুষের উপস্থিতি কর্মশালার তাৎপর্যকে অনেকটাই বাড়িয়ে দেয়। সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও চিন্তার আলোকে তিনি তুলে ধরেন কীভাবে সুস্থ সংস্কৃতি তরুণদের মনন ও মূল্যবোধকে ইতিবাচক পথে চালিত করতে পারে। তার মতে, সংস্কৃতি কেবল অবসরের বিনোদন নয়; এটি মানুষের নৈতিকতা ও সমাজের পথচলা ঠিক করে দেয়। চারপাশের কোলাহল আর বদলে যাওয়া সময়ের ভেতরে দাঁড়িয়ে সংস্কৃতির এই মূল জায়গাটা মনে করিয়ে দেওয়ার কাজটি তিনি করলেন খুব সহজ আর সাবলীল ভাষায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।  পাশাপাশি একাধিক সংসদ সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপস্থিতি এই মিলনমেলাকে দিয়েছে ভিন্ন মাত্রা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ রানা পারভেজ, সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, সংসদ সদস্য তাজ উদ্দিন খান, সংসদ সদস্য রুহুল আমিন, এ টি এম বেলাল হুসাইন এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল আহসান। এ ছাড়া শিক্ষা ও সংস্কৃতিক সংগঠনের নেতা অধ্যাপক আবুল হাশিম রেজা, শিক্ষক ইসমাইল হোসাইন,  সাংস্কৃতিক সংগঠক সহকারী অধ্যাপক শরিফুল ইসলামসহ জেলার নানা প্রান্ত থেকে আসা সাংস্কৃতিক সংগঠক ও কর্মীরা দিনভর এই আয়োজনে অংশ নেন। আইনপ্রণেতা, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক নেতাদের এই একত্র হওয়া দেখিয়ে দিয়েছে—সুস্থ সাংস্কৃতিক বিকাশের কাজটি কোনো একক গোষ্ঠীর নয়, বরং সমাজের নানা স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার বিষয়।

একটানা কথাবার্তা আর আলোচনার ফাঁকে সংগীত পরিবেশন করে মিলনায়তনের পরিবেশটাকে আরও প্রাণবন্ত করে তোলেন শিল্পী রোকনুজ্জামান। তার গানে যেন একটুখানি প্রশান্তির ছোঁয়া পায় পুরো অডিটোরিয়াম। কখনো সুরের টানে, কখনো কথার ভাঁজে—সব মিলিয়ে দিনভর আয়োজনের ভেতর একটা ঘরোয়া আর আন্তরিক আবহ তৈরি হয়েছিল।

আলোচনায় ঘুরেফিরে আসে নতুন প্রজন্মকে সুস্থ ধারায় ধরে রাখার কথা। আজকের সময়ে তরুণদের সামনে নানা রকম প্রলোভন ও নেতিবাচক প্রভাব রয়েছে। অপসংস্কৃতির সেই স্রোত থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে হলে কেবল কথায় কাজ হবে না; তাদের সামনে ইতিবাচক, সুন্দর ও সৃজনশীল চর্চার বাস্তব সুযোগ তৈরি করতে হবে। সে জন্য সংস্কৃতি নিয়ে কাজ করা সংগঠনগুলোকে আরও গোছানো, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়। বিশেষ করে তরুণদের ভেতরে দেশপ্রেম, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতার বোধ জাগিয়ে তুলতে নিয়মিত ও পরিকল্পিত উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন বক্তারা।

দিনভর নানা বিষয়ের আলোচনা, নিজেদের কাজের অভিজ্ঞতা ভাগাভাগি, দক্ষতা ঝালিয়ে নেওয়া এবং আগামীর কর্মপরিকল্পনা সাজানোর মধ্য দিয়ে গড়িয়ে যায় বেলা। কর্মশালায় অংশ নেওয়া প্রত্যেকেই যেন নিজেদের কাজের জায়গাটা নতুন করে বুঝে নেওয়ার সুযোগ পেলেন। দিন শেষে অংশগ্রহণকারীরা ফিরলেন নতুন উদ্যম আর একসাথে কাজ করার প্রত্যয় নিয়ে—সুস্থ সংস্কৃতি আর সুন্দর মূল্যবোধের হাত ধরেই সমাজের চারপাশটাকে একটু একটু করে বদলে নেওয়ার আশায়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)